- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ৮, ২০২৬
জামিন পেয়েই টিকিট! কলকাতা বন্দরে ফিরহাদের বিরুদ্ধে পদ্ম-প্রার্থী রাকেশ সিং
কয়েকদিন আগেই কলকাতা হাই কোর্ট থেকে জামিন পান রাকেশ সিং। তারপর থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিল— তাঁকেই কি এবার কলকাতা বন্দরে তৃণমূলের শক্তিশালী নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রার্থী করা হবে? শেষমেশ জল্পনাতেই সিলমোহর দিল বিজেপি। প্রার্থী ঘোষণার পরই মাঠে নেমে পড়েছেন রাকেশ সিং। বুধবার সকাল থেকেই তিনি বিভিন্ন ওয়ার্ডে গৃহসংযোগ কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছেন তিনি।
উল্লেখ্য, মৌলালিতে কংগ্রেস দপ্তরে ভাঙচুর এবং রাহুল গান্ধীর পোস্টারে কালি লাগানোর ঘটনায় রাকেশ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, বিহারে রাহুল গান্ধীর একটি মিছিল থেকে করা কিছু আপত্তিকর মন্তব্যের প্রতিবাদেই কলকাতায় ওই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই রাকেশ সিং নিখোঁজ ছিলেন। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনের সহ একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করে। সেই তদন্তের সূত্রেই গত বছরের সেপ্টেম্বর মাসে ট্যাংরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর সঙ্গে আরও কয়েকজন অনুগামী নেতাকেও গ্রেপ্তার করা হয়, এমনকি তাঁর ছেলে শিবম সিংও গ্রেপ্তার হন। যদিও পরে শিবম জামিন পান, কিন্তু রাকেশ সিং তখন জামিন পাননি।
অবশেষে ভোটের আগে, গত ৬ এপ্রিল কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে। এরপর মঙ্গলবার তিনি জেল থেকে মুক্তি পান। জেলমুক্তির একদিনের মধ্যেই তাঁকে প্রার্থী ঘোষণা করে বিজেপি, এবং তাঁকে পাঠানো হয়েছে এমন এক কেন্দ্রে, যা দীর্ঘদিন ধরেই ফিরহাদ হাকিমের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। উল্লেখযোগ্যভাবে, গত বিধানসভা নির্বাচনেও কলকাতা বন্দর কেন্দ্র থেকে রাকেশ সিংয়ের প্রার্থী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু সে সময় গ্রেপ্তার হওয়ার কারণে তাঁর প্রার্থী হওয়া সম্ভব হয়নি। এবার সেই অপূর্ণতা পূরণ করতেই তাঁকে মাঠে নামিয়েছে বিজেপি।
❤ Support Us






