Advertisement
  • দে । শ
  • জুন ৪, ২০২৬

বিধানসভার বিরোধী ডেপুটি লিডার সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ, দুর্নীতির অভিযোগে সরব পদ্ম শিবির

আরম্ভ ওয়েব ডেস্ক
বিধানসভার বিরোধী ডেপুটি লিডার সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ, দুর্নীতির অভিযোগে সরব পদ্ম শিবির

‘নতুন তৃণমূল’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পরদিনই তৃণমূলের বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ ও বিধানসভার ডেপুটি লিডার সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। বৃহস্পতিবার সকালে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে এন্টালিতে সন্দীপন সাহা ও তাঁর বাবা স্বর্ণকমল সাহার বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদে সামিল হন দলের কর্মী-সমর্থকরা।

বিজেপির অভিযোগ, সন্দীপন সাহা ও স্বর্ণকমল সাহা দুর্নীতি, কাটমানি, তোলাবাজি এবং অবৈধ নির্মাণের সঙ্গে যুক্ত। এই অভিযোগগুলিকে সামনে রেখেই এদিন এন্টালিতে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি সন্দীপন সাহার বাড়ির সামনে পৌঁছলে সেখানে শুরু হয় স্লোগান ও প্রতিবাদ কর্মসূচি।

বিক্ষোভে অংশগ্রহণকারী বিজেপি কর্মী-সমর্থকদের হাতে সন্দীপন ও স্বর্ণকমল সাহার বিরুদ্ধে নানা অভিযোগ সম্বলিত পোস্টার ও ব্যানার দেখা যায়। প্রতিবাদের সময় ‘চোর চোর’ স্লোগানও ওঠে। এমনকি এক বিজেপি কর্মীকে সন্দীপন সাহার ছবিতে জুতো মারতেও দেখা যায়।

উল্লেখযোগ্যভাবে, বুধবারই বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি পেয়েছে তৃণমূলের বিদ্রোহী শিবির, যা রাজনৈতিক মহলে ‘নতুন তৃণমূল’ নামে পরিচিত। এই শিবিরের নেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে। ডেপুটি লিডার হিসেবে রয়েছেন সন্দীপন সাহা-সহ মোট চারজন বিধায়ক।

তৃণমূলের পরিষদীয় দলে প্রথম প্রকাশ্যে বেসুরো সুর শোনা গিয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার কাছ থেকেই। পরবর্তীতে তাঁদের দল থেকে বহিষ্কারও করা হয়। তবে তা সত্ত্বেও ৫৮ জন তৃণমূল বিধায়কের সমর্থনের দাবি জানিয়ে বিধানসভায় বিরোধী দলের মর্যাদা অর্জন করে এই বিদ্রোহী গোষ্ঠী।

রাজনৈতিক মহলের মতে, ‘নতুন তৃণমূল’-এর গঠনে সন্দীপন সাহার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আর সেই নতুন রাজনৈতিক সমীকরণ সামনে আসার মাত্র একদিনের মধ্যেই তাঁর বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ তুলে বাড়ির সামনে বিক্ষোভে নামল বিজেপি, যা রাজ্যের রাজনৈতিক তরজাকে আরও তীব্র করে তুলেছে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!