Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১০, ২০২৬

চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪। তীব্র কম্পনে ঝলসে গেল গাছ, উড়ে গেল কারখানার চাল

আরম্ভ ওয়েব ডেস্ক
চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪। তীব্র কম্পনে ঝলসে গেল গাছ, উড়ে গেল কারখানার চাল

দক্ষিণ ২৪ পরগনা জেলার চম্পাহাটির হাড়াল এলাকায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় অন্তত চার জন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারাই দ্রুত হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলের আশপাশে থাকা একাধিক গাছ সম্পূর্ণভাবে ঝলসে যায়। বিস্ফোরণের অভিঘাতে বাজি কারখানার চাল উড়ে যায় এবং বাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এক স্থানীয় বাসিন্দা, নাম প্রকাশে অনিচ্ছুক, জানান যে পরপর তিনটি বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছিল। তাঁর দাবি, আহতদের মুখ মারাত্মকভাবে ঝলসে গিয়েছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ ও দমকল বাহিনী। বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন নেভানোর কাজ চলছে। গোটা এলাকাটি কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ওই বাজি কারখানাটি বেআইনিভাবে চালানো হচ্ছিল। কারা এই কারখানার সঙ্গে যুক্ত এবং এর নেপথ্যে কে বা কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে অনিচ্ছুক। এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখযোগ্য বিষয় হল, এর আগেও ২০২৪ সালের ডিসেম্বর মাসে চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাড়াল গ্রামের সর্দারপাড়ায় একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় তিন জন অগ্নিদগ্ধ হন। বারবার এমন ঘটনার পরেও প্রশাসনের নজরদারি যথেষ্ট ছিল কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!