Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ১২, ২০২২

কাবুলে আবার বিস্ফোরণ, বিদেশি অতিথিশালায় বন্দুকবাজদের হামলা

আরম্ভ ওয়েব ডেস্ক
কাবুলে আবার বিস্ফোরণ, বিদেশি অতিথিশালায় বন্দুকবাজদের হামলা

আফগান হোটেলে বন্দুকবাজদের অতর্কিত হামলা। পরপর বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী কাবুল। ব্যবসাকে কেন্দ্র করে বিদেশিদের আনাগোনা বাড়তেই আবারও তৎপরতা বাড়িয়েছে তালিবানি গোষ্ঠী। এবার তাদের লক্ষ্য বিদেশি ব্যবসায়ীরা।

সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার দুপুরে হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী কাবুল । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আটতলার লংগান হোটেলে মূলত ব্যবসার কাজে আসা ভিন দেশীরাই ভিড় জমান। সেখানেই আজ দুপুরে কয়েক রাউন্ড গুলি চলার শব্দ শোনেন তাঁরা। তার খানিক পরেই হোটেলের তিন তলার জানলা দাউ দাউ আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়দের দাবি বিদেশিদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে, সব সময় এখানে নিরাপত্তার কড়াকড়ি থাকে। সেই সুরক্ষা বলয় ভেঙে বন্দুকবাজরা ঢুকে নাশকতা চালায়। নিহতও হয়েছেন বেশ কয়েকজন।

হামলাকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে তালিবান বাহিনী। স্থানীয় প্রশাসনের তরফে সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, অজ্ঞাত সংখ্যক হামলাকারী হোটেলটিতে প্রবেশ করেছে । তবে ঠিক কী কারণে এই হামলা, তা অবশ্য এখনও অস্পষ্ট। যদিও এই সন্ত্রাসবাদী হামলার পেছনে আইএসআইএস খোরাসানের মদত আছে বলে মনে করছেন অনেকে ।

আফগানিস্তানের সঙ্গে চিনের সীমান্ত অঞ্চল প্রায় ৭৬ কিলোমিটার জুড়ে। বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক অটুট থাকলেও, আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবানি সরকারকে রাষ্ট্রীয় স্তরে স্বীকৃতি দেয়নি জিং পিং এর সরকার। কাবুলে দূতাবাসও রেখেছে চিন। সেজন্যেই চিনা ব্যবসায়ী অধ্যষুত হোটেলে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা এমন তথ্য প্রমান এখনো মেলেনি। তবে দক্ষিণ পশ্চিম চিনে ইউঘুরদের আশ্রয় দাতা হয়ে উঠতে পারে তালিবানরা, চিনা প্রশাসনের এমন আশঙ্কা বহুদিনের। যদিও আফগানিস্তান নতুন করে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেবেনা, এমন শর্তেই তালিবান প্রশাসিত, আফগানিস্থানের পুনর্গঠনে অর্থ এবং কারিগরি সহায়তায় রাজি হয়েছিল চিন। আফগানিস্তানের খনিজ তামার কর্তৃত্বে অংশীদারিত্বের বিনিময়েই সেদেশকে সাহায্যে রাজি হয়েছে চিনা প্রশাসন এমনটাই ধারণা আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের।

কয়েক দিন আগে সেদেশে কর্মরত চিনাদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে তালিবান কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন সে দেশের চিনা দূতাবাসের প্রতিনিধিরা। আজকের এই অতর্কিত বন্দুক হামলাকে ঘিরে, কাবুলের চিনা দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে, যদিও সরকারি স্তরে এপ্রসঙ্গে তারা কোনও মন্তব্য করেনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!