- দে । শ
- জুন ২৯, ২০২৪
কালনায় পুকুর থেকে উদ্ধার নবমের ছাত্রীর দেহ
কালনার ধর্মডাঙা গ্রামে একটি পুকুর থেকে হাত-পা বাঁধা, মুখে ওড়না গোঁজা ছাত্রীর দেহ উদ্ধার হল। নার্গিস খাতুন (১৫) নামে নবমের ওই ছাত্রীর দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ছাত্রীর পরিবারের লোকজনের ধারণা, নার্গিসকে শ্বাসরোধ করে খুন করে জলে ভাসানো হয়েছে।
জানা গেছে, কালনার নান্দাই গ্রাম পঞ্চায়েতের দুপসার বাসিন্দা নার্গিস খড়িনান হাইস্কুলের ছাত্রী ছিল। গত সন্ধ্যায় বাড়ি থেকে বেরয়। রাত অবধি না ফেরায় খোঁজখবর শুরু হয়। না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করে নার্গিসের পরিবার। খড়িনানের বাড়ি থেকে প্রায় ২০ কিমি দূরে কালনার ধর্মডাঙ্গা গ্রামের পুকুর থেকে নার্গিসের নিথর দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের কয়েকজন সদস্যর দাবি, নার্গিসের সঙ্গে একজনের প্রণয়ঘটিত সম্পর্ক ছিল। সেই যুবকই তাকে ফোন করে ডেকে, হাত বেঁধে, মুখে ওড়না ঢুকিয়ে শ্বাসরোধ ধরে খুন করতে পারে বলে মনে হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ।
❤ Support Us





