Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১৭, ২০২৫

উপরাষ্ট্রপতির বাড়িতে বোমার হামলার হুমকি, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

আরম্ভ ওয়েব ডেস্ক
উপরাষ্ট্রপতির বাড়িতে বোমার হামলার হুমকি, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের বাড়িতে বোমা হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়াল চেন্নাইয়ে। শুক্রবার সকালে তামিলনাড়ুর ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি)-এর দফতরে একটি বেনামি ইমেল আসে, যেখানে দাবি করা হয় যে উপরাষ্ট্রপতির সরকারি আবাসে বিস্ফোরক রাখা হয়েছে।

ইমেল পাওয়ার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় বম্ব স্কোয়াড ও বিশাল পুলিশ বাহিনী। গোটা বাড়ি ঘিরে শুরু হয় তল্লাশি অভিযান। তবে কয়েক ঘণ্টার তল্লাশির পর কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক উদ্ধার হয়নি।

পরে তামিলনাড়ু পুলিশ এক বিবৃতিতে জানায়, হুমকিটি ভুয়ো ছিল এবং কোনও বিস্ফোরকের অস্তিত্ব পাওয়া যায়নি। কে বা কারা এই ইমেল পাঠিয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ইমেলের উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, চলতি সপ্তাহেই তামিলনাড়ুর নামী সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজার টি নগরের স্টুডিওতেও বোমা হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছিল। সেই সময়ও ডিজিপি-র দফতরে একটি ইমেল পাঠানো হয়, কিন্তু তল্লাশিতে কোনও বিস্ফোরক মেলেনি।

এর আগে, কারুরে তামিলাগা ভেট্রি কাজাগম (TVK)-এর সভায় পদপিষ্টে ৪১ জনের মৃত্যুর পর অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়-এর নীলাঙ্কারাইয়ের বাড়িতেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। কন্যাকুমারী থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ১০০ নম্বরে ফোন করে ওই হুমকি দেয়। তল্লাশিতে সেখানেও কোনও বিস্ফোরক মেলেনি।

ক্রমাগত এমন ভুয়ো হুমকির ঘটনায় উদ্বেগ বাড়ছে তামিলনাড়ু পুলিশের মধ্যে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এই ঘটনাগুলির মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!