Advertisement
  • দে । শ
  • অক্টোবর ১৪, ২০২৫

আখে লক্ষ্মীলাভ, খুশি কালনার কৃষকরা

আরম্ভ ওয়েব ডেস্ক
আখে লক্ষ্মীলাভ, খুশি কালনার কৃষকরা

এবার আখের ফলন পর্যাপ্ত। তাই লক্ষ্মীপুজোয় আখ বিক্রি করে এবার লক্ষ্মীলাভ আখ চাষিদের। পাইকারি বাজারে প্রতি পিস আখের দাম এখন ৮ থেকে ১৫ টাকা। দাম ভালো পাওয়ায় খুশি কালনা মহকুমার আখচাষিরা। উৎসবের মরশুমে আখের বিশেষ চাহিদা থাকে। অন্যান্য ফলমূলের সঙ্গে এই পুজোয় আখ লাগেই। সামনেই আবার ছটপুজো। সেই পুজোতেও আখ লাগে। ফলে বাজারে আখের চাহিদা আরও বাড়বে বলে আশা চাষিদের। চাষিদের সঙ্গে কথা বলে জানা গেল, এক বিঘা জমিতে আখ চাষে খরচ হয় প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা। আর ১ বিঘা জমির আখ বিক্রি করে মিলছে প্রায় ১ লাখ টাকার কাছাকাছি। ফলে ডেরা লাভ। সেই সঙ্গে আখের জমিতেই সাথী ফসল ফলানোয় দ্বিগুণ মুনাফা পাচ্ছেন কৃষকরা।

নাদনঘাট থানার গোয়ালপাড়ায় রাজ্যের অন্যতম বড় আখের পাইকারি বাজার। এখান থেকে আখ যায় কলকাতা, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে। আসলে কালনা মহকুমার ভিতর দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী, খড়ি, বেহুলা, গাঙুর, গুড়জোয়ানি প্রভৃতি নদী। নদী ধোওয়া পলিমাটিতে উর্বর বিস্তীর্ণ কৃষিজমিতে ধান, পাট, আলুর পাশাপাশি বিকল্প কৃষি হিসেবে আখ চাষও হয় প্রচুর। স্থানীয় আখচাষি সাহেব আলি শেখ বলেন, ‘এবার আখের ভালো দাম মিলছে। লাভ ভালই হচ্ছে।’ আরেক চাষি শেখ শের আলি মণ্ডলের কথায়, ‘আখ চাষে পরিশ্রম অনেক। ভাল লাভ হওয়ায় পরিশ্রম সার্থক। উৎসব মরশুমে আখ চাষেই খুশি ফুটেছে চাষিদের মুখে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!