Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ১৩, ২০২৫

সীমান্তে বিএসএফের ফের নজিরবিহীন সাফল্য: উত্তর ২৪ পরগনায় উদ্ধার ৯৫ কেজি গাঁজা, ৫১০ বোতল সিরাপ

আরম্ভ ওয়েব ডেস্ক
সীমান্তে বিএসএফের ফের নজিরবিহীন সাফল্য: উত্তর ২৪ পরগনায় উদ্ধার ৯৫ কেজি গাঁজা, ৫১০ বোতল সিরাপ

চোরাচালান রুখতে সর্বদা সক্রিয় বিএসএফ, তারই আবার প্রমাণ মিলল উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তে। গোপন সূত্রে খবর পেয়ে মাঝরাতে অভিযান চালিয়ে প্রায় ৯৫ কেজি গাঁজা ও ৫১০ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করল সীমান্ত রক্ষী বাহিনী। চোরাচালানকারীরা পালালেও উদ্ধার হওয়া মাদকের পরিমাণ দেখে রীতিমতো চমকে গিয়েছেন নিরাপত্তা কর্তারা।

বিএসএফ সূত্রে খবর, মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ ১৪৩ ব্যাটালিয়নের তারালি-১ সীমান্ত ফাঁড়ির জওয়ানরা খবর পান, সীমান্তবর্তী একটি পেঁপে বাগান সংলগ্ন ধানক্ষেতে মাদকের একটি বড়ো চালান পৌঁছতে পারে। খবর পেয়েই সেখানে অতর্কিতে অভিযান চালানো হয়। কিছুক্ষণ অপেক্ষার পর দেখা যায়, ৫-৬ জন ব্যক্তি মাথায় বড়োসড়ো বোঝা নিয়ে সীমান্তের কাঁটাতারের দিকে এগোচ্ছে। বিএসএফ জওয়ানরা তাঁদের থামতে বলতেই, তারা তড়িঘড়ি পাট বস্তা ফেলে অন্ধকারে ঝোপঝাড়ের মধ্যে পালিয়ে যায়। এলাকা ঘিরে তল্লাশি শুরু করেন জওয়ানরা। উদ্ধার হয় ৬টি প্লাস্টিকের বস্তা, যার মধ্যে একে একে বেরিয়ে আসে ১০৯টি প্যাকেটে মোড়া ৯৫ কেজি গাঁজা এবং ৫১০ বোতল উইনসেরেক্স সিরাপ।

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মাদক দ্রব্য আইন মোতাবেক পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় থানার হাতে তুলে দেওয়া হবে। এই চোরাচালানচক্রের পিছনে কারা রয়েছে, তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে। বিএসএফ-এর দক্ষিণবঙ্গ সীমান্ত জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ‘সীমান্তে চোরাচালান রুখতে বিএসএফ সব সময় সজাগ এবং প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রতি একাধিক বড়ো চালান আটক করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রুখতেই টহলদারি ও নজরদারি আরো জোরদার করা হয়েছে।’

উল্লেখ্য, এর আগেও একাধিক বার উত্তর ২৪ পরগনার বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট সহ বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে বিএসএফ। গত মে মাসে ঘোজাডাঙ্গা সীমান্তে উদ্ধার হয়েছিল প্রায় ৫৯ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট ও সিরাপ। গত বছরের নভেম্বরে আটক হয় ৬৯ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট, যার বাজারমূল্য ছিল প্রায় সাড়ে ৬ কোটি টাকা। ঘটনার পুনরাবৃত্তি দেখে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আরো বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে বিএসএফ। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও মাদক চোরাচালানের বিষয়ে তথ্য পেতে সক্রিয় উদ্যোগ নিচ্ছে বাহিনী।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!