Advertisement
  • দে । শ
  • জুন ১০, ২০২৬

৮০ বছর পুরনো বস্তিতে বুলডোজার, ঠাঁইহারা ২০০ পরিবার

আরম্ভ ওয়েব ডেস্ক
৮০ বছর পুরনো বস্তিতে বুলডোজার, ঠাঁইহারা ২০০ পরিবার

২০২৫ সালের ২৫ নভেম্বর থেকে এ বছরের তেসরা জুন পর্যন্ত মোট তিনটে নোটিস দিয়ে জায়গা খালি করতে বলেছিল রেল । শেষমেশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল কাটোয়া বাসস্ট্যান্ড লাগোয়া ধোপাপুকুর পাড় বস্তি ।

শহরের ২০নং ওয়ার্ডের এই এলাকাটি টিআরডি কলোনি হিসেবে পরিচিত। আরপিএফ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে গোটা বস্তি দখলমুক্ত করল রেল। জানা গেল, প্রায় ৮০ বছর আগে রেলের কোয়ার্টার লাগোয়া এলাকায় এই বস্তিটি গড়ে ওঠে । সবমিলিয়ে দুশোর কাছাকাছি পরিবারের বাস এখানে । এখানকার বাসিন্দাদের মধ্যে মহিলারা বাড়ি বাড়ি পরিচারিকা ও আয়ার কাজ করেন । পুরুষরা দিনমজুরি করে সংসার চালান। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে তারা দিশেহারা । রেলের জমিতে বস্তি ও হকার উচ্ছেদের প্রতিবাদে কাটোয়া স্টেশনের ১নং প্ল্যাটফর্মের কাছে সভা করল সিটু । বক্তব্য পেশ করেন সিটুর রাজ্য নেত্রী গার্গী চ্যাটার্জি, জেলা সভাপতি নজরুল ইসলামরা ।

পরিচারিকার কাজ করে পেট চালানো সাবিত্রি পণ্ডিত, জয়ন্তী হাজরারা বলছিলেন, ‘ঘর ভাড়া করে থাকার সামর্থ্য আমাদের নেই । এখন কোথায় যাব, কী করব, কিছুই বুঝতে পারছি না ।’ ঠাঁইনাড়া হওয়া বাবলু মণ্ডল, লীলা হাজরাদের কথায়, ‘রেল একটার পর একটা বস্তিতে বুলডোজার চালিয়ে আমাদের মত দিন আনা দিন খাওয়া পরিবারগুলোকে তুলে দিচ্ছে । অথচ সেইসব জায়গায় কিছু করছেও না ।’ রেল সূত্রের খবর, এই এলাকায় রেল প্রথম উচ্ছেদের নোটিস দেয় ২০২৫ সালের ২৫ নভেম্বর । ফের এ বছরের ২৮ মে একই নোটিস দেয় । তারপর ফের ৩ জুন জায়গা খালি করার নির্দেশ দেয় । প্রসঙ্গত এর আগে কাটোয়া স্টেশন লাগোয়া প্রায় ১০০ বছর আগে গড়ে ওঠা পশ্চিম ও মধ্য রেলওয়ে কলোনি উচ্ছেদ করেছে রেল ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!