- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২, ২০২৫
উত্তরপ্রদেশে বাস–ট্রাক মুখোমুখি সংঘর্ষ! আগুনে ঝলসে নিহত ৩, জখম কমপক্ষে ২৫
উত্তরপ্রদেশের বলরামপুরে রাত গভীরেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ফুলওয়ারিয়া বাইপাসে যাত্রীবোঝাই একটি বাসের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে যায় বাসটিতে। তাতে ঝলসে মৃত্যু হয়েছে ৩ যাত্রীর, আহত হয়েছেন অন্তত ২৫ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহারের সোনাউলি থেকে দিল্লিগামী বাসটি রাতের অন্ধকারে ফুলওয়ারিয়া ওভারব্রিজের কাছে পৌঁছনোর সময় উল্টো দিক থেকে শীতের পোশাক বোঝাই ট্রাকটি সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাসটি ছিটকে গিয়ে ধাক্কা খায় একটি হাই ভোল্টেজ বিদ্যুতের খুঁটিতে। তাতেই শর্ট সার্কিট হয়ে মুহূর্তে আগুন জ্বলে ওঠে। আগুন ছড়িয়ে পড়তেই হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। অনেকে জানালা ভেঙে প্রাণ বাঁচাতে বাস থেকে লাফিয়ে বেরিয়ে আসেন। কয়েকজন আগুনে পুড়ে গুরুতর আহত হন। আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় ট্রাকটিও।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং শুরু হয় উদ্ধারের কাজ। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাহরাইচ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাসের অধিকাংশ যাত্রীই নেপালের নাগরিক। দুর্ঘটনার পরে বাস ও ট্রাক— দুই গাড়িরই চালক ও সহকারী পলাতক। কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি বা কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়াই বিপর্যয়ের কারণ হতে পারে। অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলরামপুরের জেলাশাসক বিপিন কুমার ও পুলিশ সুপার বিকাশ কুমার। তাঁরা আহতদের প্রয়োজনীয় সব সাহায্যের আশ্বাস দিয়েছেন।
❤ Support Us






