- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ৯, ২০২৩
মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনীতে তারকা সমাবেশ। শিল্পপতি থেকে শিল্পী, খেলোয়ার কে নেই !
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সম্মিলনীতে বৃহস্পতিবার আলিপুর জেল মিউজিয়ামে তারকাদের উপস্থিতিতে উদ্ভাসিত হয়ে গেল। অনুষ্ঠানে নামী শিল্পপতি থেকে শুরু করে প্রাক্তন খেলোয়াড়, টলিউডের নায়ক-নায়িকা থেকে শুরু করে টেলি জগতের তারকারা কে ছিলেন না? বিজয়া সম্মিলনী উপলক্ষে লাগানো জায়েন্ট স্ক্রিনে সারা ক্ষণ দেখানো হল রেড রোডের ২০২৩ সালোর দুর্গাপুজোর “কার্নিভ্যাল”।
প্রতি বছর এই বিজয়া সম্মিলনী নিউটাউনে অনুষ্ঠিত হলেও এ বার তা অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকাতেই। বৃহস্পতিবার বিকেল থেকেই অতিথিদের আগমন শুরু হয়। হাসি মুখে সকলকে বিজয়া সম্মিলনীতে স্বাগত জানান স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ।
আলিপুর জেল মিউজিয়ামের বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন হর্ষ নেউটিয়া, মায়ঙ্ক জালান, মেহুল মোহনকা, উজ্জ্বল সিনহা, রমেশ জুনেজা, দিলীপ দুগ্গর প্রমুখ। মূলত ২১ ও ২২ নভেম্বর রাজ্যে সরকারি উদ্যোগে আয়োজিত হবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন বা বিজিবিএস। ওই সম্মেলনে যাতে শিল্পপতিরা সকলেই অংশগ্রহণ করেন, সেই দিকে নজর রেখে এই বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হল। বিজিবিএস প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত শিল্পপতিদের সঙ্গে কথা বলেন।
মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনীতে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, নুসরত জাহান, রুক্মিনী মৈত্র, ঋতুপর্ণা সেনগুপ্ত, গার্গী রায়চৌধুরী, সোহম চক্রবর্তী, অরিন্দম শীল, সব্যসাচী চৌধুরী-সহ অন্যান্যরা।
আগামী ৫ ডিসেম্বর শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান-সহ চলচ্চিত্র উৎসবের দিনগুলিতে যাতে চিত্র তারকাদের সক্রিয় উপস্থিতি থাকে, সেই বিষয়েও অতিথিদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, তাঁর স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী, দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া, প্রাক্তন ক্রিকেটার শরদিন্দু মুখোপাধ্যায়েরা।
এদিনের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রাজ্যের মন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেন, বিধায়ক ও গায়িকা অদিতি মুন্সি, ভূমিখ্যাত শিল্পী সুরজিৎ। ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিতি ছিল চিত্রশিল্পী শুভাপ্রসন্ন।
রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, প্রবীণ সাংসদ সৌগত রায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, শশী পাঁজা, অরূপ বিশ্বাস, মলয় ঘটক, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ও চেয়ারম্যান সব্যসাচী দত্ত প্রমুখ।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই শিল্পপতিদের নিয়ে বিজয়া সম্মিলনী করেন। এবার সেই অনুষ্ঠানে জাঁকজমক ছিল অন্যান্যবারের তুলনায় অনেকটাই বেশি।
❤ Support Us






