- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১০, ২০২৫
বাংলার ‘সিএএ’ আবেদনকারীদের নথি খতিয়ে দেখার আশ্বাস, হাইকোর্টে জানাল কেন্দ্র
নাগরিকত্ব সংশোধনী আইন অনুসারে আবেদনকারীদের ‘এসআইআর’-এ অন্তর্ভুক্ত করার বিষয়ে করা এক জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্ট আজ সামগ্রিক নির্দেশ দিতে অস্বীকার করেছে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের মন্তব্য, ‘কেউ নাগরিক হবেন কি না, তা প্রথমে সিএএ-এর আলোকে নির্ধারিত হবে। তার পরই ‘এসআইআর’-এ অন্তর্ভুক্তির বিষয়ে আলাদা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাই একযোগে কোনো নির্দেশ দেওয়া সম্ভব নয়।’ মামলাকারীর আইনজীবী মৈনাক বসু বলেন, ‘এনুমারেশন ফর্মে সিএএ আবেদনকারীদের জন্য কোনো নির্দিষ্ট বিকল্প রাখা হয়নি। এ মামলার প্রেক্ষাপটে বিষয়টি স্পষ্ট করা জরুরি।’
তবে, আবেদনকারীদের স্বস্তি দিয়েছে কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব আদালতে জানান, এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত আবেদন আগামী ১০ দিনের মধ্যে খতিয়ে দেখা হবে। এদিন শুনানি চলাকালীন তিনি বলেন, ‘সিএএ-এর মূল উদ্দেশ্য প্রতিবেশী রাষ্ট্র থেকে বেআইনিভাবে আগতদের শনাক্ত করা। এই মামলার আবেদনকারীদের বিষয়টি ১০ দিনের মধ্যে বিবেচনা করা হবে।’ তবে কেন্দ্রের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, এ নির্দেশ শুধুমাত্র পশ্চিমবঙ্গের আবেদনকারীদের জন্য প্রযোজ্য, দেশের অন্য স্থানে চলা একই ধরনের মামলাতেও এটি প্রযোজ্য হবে না।
অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে রাজ্যের কোনো ভূমিকা নেই। কেন্দ্র জানিয়েছে, ৯০ দিনের মধ্যে রাজ্যকে আবেদন পাঠাতে হতো, কিন্তু তা করা হয়নি। আদালতে মামলাকারীর আইনজীবী মৈনাক বসু বলেন, ‘দেশজুড়ে প্রায় ৫০,০০০ নাগরিকত্ব আবেদন ঝুলে আছে। এদের ভবিষ্যৎ কী হবে, তা জানা জরুরি। কেন্দ্র অন্তত সিদ্ধান্ত নিক, অনুমোদন হোক বা বাতিল হোক।’
এদিকে, ‘সিএএ’ আবেদনকারীদের অনেকের আশঙ্কা ছিল, ‘এসআইআর’ প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে সমস্যার মুখে পড়বেন তাঁরা। নাগরিকত্ব-এর আবেদন করার পর মাসখানেক পেরিয়ে গেলেও এখনো কেন্দ্রের থেকে কোনো প্রতিক্রিয়া পাননি অনেকে। তবে আজকের প্রতিশ্রুতিতে অনেকটাই স্বস্তি পাবেন তাঁরা বলে মত ওয়াকিবহালদের। বর্তমানে আবেদনকারীরা নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। প্রশ্ন উঠছে, যারা নাগরিকত্ব পাবেন, তাদের জন্য কি নতুন ফর্ম দেওয়া হবে, নাকি বিদ্যমান ‘এসআইআর’ ফর্মের সঙ্গে অতিরিক্ত নথি জমা দিতে হবে।
❤ Support Us






