- দে । শ
- জানুয়ারি ১২, ২০২৬
কলকাতা হাই কোর্টে স্থায়ী প্রধান বিচারপতির দায়িত্বে সুজয় পাল
কলকাতা হাই কোর্টে নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পেলেন বিচারপতি সুজয় পাল। দীর্ঘদিন ধরেই তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন। গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বৈঠকে কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে তাঁর নাম সুপারিশ করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে কলকাতা হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম অবসর গ্রহণ করেন। তাঁর অবসরের পর প্রথমে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয় বিচারপতি সৌমেন সেনকে। পরে বিচারপতি সৌমেন সেনকে মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগের জন্য সুপারিশ করা হলে তিনি সেখানে দায়িত্ব গ্রহণের জন্য চলে যান।
এরপর কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান বিচারপতি সুজয় পাল। অবশেষে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ অনুযায়ী তাঁকেই কলকাতা হাই কোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব দেওয়া হল।
প্রসঙ্গত, বিচারপতি সুজয় পালের বেড়ে ওঠা মধ্যপ্রদেশে। জব্বলপুরের একটি স্কুল থেকে তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। আইন বিষয়ে পড়াশোনা শেষ করে (এলএলবি) তিনি দীর্ঘদিন আইনজীবী হিসেবে সক্রিয়ভাবে কাজ করেছেন।
২০১১ সালে তিনি মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং দীর্ঘ সময় সেখানে বিচারকের দায়িত্ব পালন করেন। পরে ২০২৫ সালের জুলাই মাসে তাঁকে কলকাতা হাই কোর্টে বদলি করা হয়। সেখানেই তিনি প্রথমে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলান এবং বর্তমানে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
❤ Support Us





