- দে । শ
- জানুয়ারি ১৯, ২০২৬
কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন হুমায়ুন ! খরচ নিয়ে কী নির্দেশ হাই কোর্টের
ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর কেন্দ্রীয় নিরাপত্তা পেতে পারেন, তবে তার সম্পূর্ণ খরচ বহন করতে হবে তাঁকেই। এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আগামী দু’সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানাতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।
সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত জানায়, কেন্দ্র যদি জেড বা ওয়াই—যে কোনও ক্যাটেগরির নিরাপত্তাই মঞ্জুর করে, তার আর্থিক দায়ভার বহন করবেন হুমায়ুন কবীর নিজেই।
উল্লেখ্য, কিছুদিন আগেই দলবিরোধী কাজের অভিযোগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। সাসপেন্ড হওয়ার পর থেকেই তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেন এবং সেই কারণেই কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন।
এর মধ্যেই তাঁর নিরাপত্তায় থাকা রাজ্য পুলিশের এক কর্মীর সঙ্গে বিধায়কের ছেলের বিতর্কের ঘটনাও সামনে আসে। পাশাপাশি, গত কয়েকদিনে একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে হুমায়ুন কবীরকে। এই পরিস্থিতিতে তাঁর বর্তমান নিরাপত্তা যথেষ্ট নয় বলে আদালতে দাবি করেন বিধায়কের আইনজীবী।
এই মামলার প্রেক্ষিতে আগেই কেন্দ্রের কাছে জবাব তলব করেছিল হাইকোর্ট। সোমবার ফের মামলাটি শুনানির জন্য ওঠে। দীর্ঘ শুনানির পর আদালত স্পষ্ট জানায়, কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার ক্ষেত্রে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানাতে হবে এবং নিরাপত্তার যাবতীয় খরচ নিজেকেই বহন করতে হবে ভরতপুরের বিধায়ককে।
❤ Support Us





