- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২৫, ২০২৩
অভিষেক সিতাইয়ের মঞ্চ ছাড়তেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। প্রার্থী নির্বাচনের ব্যালট ছিনতাই
সিতাইয়ে গোঁসানিমারি হাইস্কুলের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ ছাড়তেই তৃণমূলের দুই গোষ্ঠীতে ধুন্ধুমার, ব্যালট ছিনতাই। ভেস্তে গেল অভিষেকের পঞ্চায়েতে মানুষের প্রার্থী নির্বাচনের যাবতীয় ব্যবস্থা। জেলা নেতৃত্বের কাছে জরুরি রিপোর্ট চাইলেন অভিষেক। পাশাপাশি বাতিল করে দিলেন মঙ্গলবারের পঞ্চায়েতের জন্য সিতাই -এর মানুষের প্রার্থী নির্বাচন। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফের সিতাইয়ে, মানুষের ভোটে পঞ্চায়েতের প্রার্থী নির্বাচনের নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নির্দেশের পাশাপাশি, শীতলকুচির সভা থেকে তিনি বলেন ভাবেই গায়ের জোরে কোনও কিছু করে নেওয়ার বা কায়েম করার ব্যবস্থাকে তিনি মানবেন না। এর ফলে ৬০ দিনের তৃণমূলে নব জোয়ার কর্মসূচির প্রথমদিনের দ্বিতীয় সভার পরেই কিছুটা হলেও ছন্দপতন হল। আর তৃণমূলের বিবদমান দুই গোষ্ঠীর মধ্যেকার এই হাতাহাতি ঠেকাতে পুলিশকে হিমশিম খেতে হল।
পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী কে হবেন, তা দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের বাছাই করার সুযোগ দিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তৃণমূলে নব জোয়ার কর্মসূচির আয়োজন করেছেন। মঙ্গলবার সেই কর্মসূচির প্রথম দিনেই চরম বিশৃঙ্খল পরিস্থির সৃষ্টি হল সিতাই গোঁসানিমারি হাই স্কুল মাঠে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মঞ্চ ছাড়তেই প্রার্থী বাছাইয়ের উৎসাহে মঞ্চ ভেঙে যাওয়ার উপক্রম হল। ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টায় শুরু হয় দুপক্ষের হাতাহাতি । ছিড়ে টুকরো টুকরো করা হল পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাইয়ের ব্যালট পেপার। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামাল পুলিশ ।
তৃণমূলে নব জোয়ার কর্মসূচিতে মঙ্গলবার সাহেবগঞ্জের প্রথম সভা শেষে করে সিতাই গোঁসানিমারি হাই স্কুলের মাঠে সভা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় । মঞ্চে পৌঁছতে তাঁর প্রায় নির্ধারিত সময়ের চাইতে এক ঘণ্টা দেরি হয়ে যায়। তাঁর মিনিট কুড়ির ভাষণের শেষাংশে ঠিক প্রথম সভার মতোই অভিষেক জানান, মঞ্চে তিনি ব্যালট বাক্স রেখে যাচ্ছেন। উপস্থিত তৃণমূল নেতা, কর্মী এবং সমর্থকেরা যেন নিজেদের প্রার্থী বাছাই শুরু করেন এবং মতামত জানান। এই বলে অভিষেক সভাস্থল ছেড়ে শীতলখুচির উদ্দেশে রওনা হওয়ার সঙ্গে সঙ্গে ভোট দেওয়ার জন্য হুড়োহুড়ি আরম্ভ হয়। এক সঙ্গে সবাই ভোট দিতে মঞ্চে উঠতে চেষ্টা শুরু করেন । এই সময় এক পক্ষ ব্যালট বাক্স নিয়ে টানাহেঁচড়া শুরু করতাই অন্য পক্ষ ভোট না দিতে পারার আশঙ্কায় ব্যালট কাগজ ছিঁড়তে শুরু করে। শুরু হয় হাতাহাতি ও মারামারি । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোনওক্রমে তৃণমূল কর্মী-সমর্থকদের মঞ্চ থেকে নীচে নামাতে সক্ষম হয়। পুলিশের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠী হাতাহাতি শুরু করে দেয়।
এই ঘটনায় বিজেপি, সিপিএম, কংগ্রেস তৃণমূলের তীব্র সমালোচনা করেছে। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “এই মুহূর্তে একটাই সত্য, ব্যালট বাক্স ভ্যানিশ।” তবে কলকাতায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন,”এতো বড় একটা রাজনৈতিক কর্মযজ্ঞ এর আগে দেশে হয়নি। এতদিন মানুষ বলতেন, নিজের ভোট নিজে দিন, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন নিজের প্রার্থী নিজে নির্বাচন করুন। তাই কর্মীদের মধ্যে উৎসাহের বহিঃপ্রকাশে এই ঘটনা ঘটেছে।”
❤ Support Us






