- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২২, ২০২৫
মিরিকে ২০০ ফুট খাদে গাড়ি, নিহত ৪, আহত ১৬
ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই আবার বিপর্যয়ের কবলে মিরিক। বুধবার এক ভয়াবহ দুর্ঘটনায় দুই মহিলাসহ ৪ জন নিহত। আহত আরও ১৬ জন। একটা যাত্রীবাহী গাড়ি ২০০ ফুট গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনার ঘটনা ঘটে।
ভারত–নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির কাছে কাঁকড়ভিটা থেকে ১৯ জন যাত্রী নিয়ে গাড়িটি মিরিকের উদ্দেশ্যে রওনা দেয়। সাম্প্রতিক বন্যার জন্য কাঁকড়ভিটা–মিরিক রাস্তার হাল খারাপ হওয়ায় নেপালের কাঁকড়ভিটা থেকে গাড়িটি পানিঘাটা হয়ে বেলগাছি চা বাগানের বিকল্প রাস্তা ধরে মিরিক আসছিল। পাহাড়ি এই রাস্তাও যথেষ্ট দুর্গম।
মিরিকের পুটুংয়ের কাছে নলদারার কাছে উল্টো দিক থেকে আসা অন্য একটা গাড়িকে রাস্তা দিতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে ২০০ ফুটখাদে পড়ে যায়৷ ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। মৃতরা হল সাহিনি ছেত্রী (৩৭), ওয়াংচন্দ তামাং (৪০), ধনবাহাদুর কাটোয়াল (৭৩) ও বিনিতা তামাং (২৬)। প্রথম জন নকশালবাড়ির নিরপানি বস্তির বাসিন্দা। দ্বিতীয় জন মিরিকের সৌরনির বাসিন্দা। অপর দু’জন নেপালের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। তারাই প্রথমে উদ্ধারকার্যে হাত লাগায়। এরপর দুর্ঘটনাস্থলে পৌঁছয় মিরিক থানার পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। ৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করে পানিঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। ৫ জনকে নকশালবাড়ি গ্রামীন হাসপাতালে পাঠানো হয়। অবস্থা গুরুতর হওয়ায় ২ জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এছাড়াও ৩ জনকে মিরিক মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্প্রতি ভয়াবহ বন্যায় মিরিকের বহু জায়গায় ধস নেমেছে। ভেঙে পড়েছে দুধিয়া সেতু। ঘুরপথে দুর্গম রাস্তা দিয়ে এখন গাড়ি চলাচল করছে। ঘুরপথেই এদিন ওই গাড়িটি মিরিক আসছিল। কী করে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ল, খতিয়ে দেখছে পুলিশ। দার্জিলিং পুলিস সুপার পরভীন প্রকাশ বলেন, ‘বড় গাড়িতে ১৯ জন যাত্রী মিরিক আসছিল। গাড়িটি খাদে উল্টে যাওয়ায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত অনেকেই। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।’
❤ Support Us






