Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১৭, ২০২৫

আরজিকর সংক্রনা্ত মামলা স্থানান্তরিত হাইকোর্টে । চলতি সপ্তাহেই আর্থিক দুর্নীতি নিয়ে হতে পারে শুনানি

আরম্ভ ওয়েব ডেস্ক
আরজিকর সংক্রনা্ত মামলা স্থানান্তরিত হাইকোর্টে । চলতি সপ্তাহেই আর্থিক দুর্নীতি নিয়ে হতে পারে শুনানি

সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে যে আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও হত্যাকাণ্ডের স্বতঃপ্রণোদিত মামলা আর শীর্ষ আদালতে চলবে না । দেশের সর্বোচ্চ আদালত মামলাটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে । একইসঙ্গে মামলার সমস্ত নথিপত্র হাইকোর্টে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে ।

বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি সতীশচন্দ্র শর্মা-এর ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, নির্যাতিতার বাবা-মাকে মামলার স্টেটাস রিপোর্টের একটি প্রতিলিপি দিতে হবে, যাতে তদন্তের অগ্রগতি সম্পর্কে পরিবার সরাসরি অবহিত হতে পারে ।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজে ওই চিকিৎসক-ছাত্রীর দেহ উদ্ধার হয় । ঘটনার পরপরই কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেফতার করে, যাকে পরে দোষী সাব্যস্ত করা হয় । মামলার সময় শীর্ষ আদালত চিকিৎসকদের হাসপাতাল অনুপস্থিতি ও অন্যান্য বিষয়েও নির্দেশ দিয়েছিল ।

স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের পর, গত বছরের ২০ অগস্ট সুপ্রিম কোর্ট জাতীয় টাস্ক ফোর্স (এনটিএফ) গঠনের নির্দেশ দিয়েছিল, যা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি নির্দিষ্ট প্রোটোকল তৈরির লক্ষ্যেই ছিল ।

চলতি বছরের ১৮ জানুয়ারি শিয়ালদহ আদালত রায় ঘোষণা করে । ওই রায়ে সঞ্জয় রায়কে আজীবন কারাদণ্ড দেওয়া হয় । তবে রায়ের আগেই নির্যাতিতার বাবা-মা সিবিআই তদন্ত সংক্রান্ত প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন । সুপ্রিম কোর্ট পরে স্পষ্ট করেন, একই আবেদনের ভিত্তিতে দুই আদালতে একসঙ্গে শুনানি চলতে পারে না, অথবা হাইকোর্ট, নতুবা সুপ্রিম কোর্ট।

নির্যাতিতার বাবা-মা সম্প্রতি কন্যার হত্যার তদন্তের ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন । তারা দাবি করেন, অপরাধে একাধিক ব্যক্তি জড়িত । নির্যাতিতার মা বলেন, “মেয়ের মৃত্যুর বিচার ছিনিয়ে আনবই ।” পিতা তার বক্তব্যে সায় দিয়েছেন ।

এবার সুপ্রিম কোর্টের নির্দেশে মামলার আইনি লড়াই পুরোপুরি কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত হলো । একই সঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলাতেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছেন । আদালতের সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই মামলার শুনানি হতে পারে ।

উল্লেখযোগ্য, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-এর বিরুদ্ধে প্রথম আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন আখতার আলি । কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ওই অভিযোগকারীর নামই জড়িয়ে পড়েছে দুর্নীতির মামলায় ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!