Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুলাই ২৫, ২০২৫

উল্লু, এএলটিটি, দেশিফ্লিক্স-সহ ২৫টি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সম্প্রচারে নিষেধাজ্ঞা। ‘অশ্লীল ও অবৈধ কনটেন্ট’ রুখতেই কেন্দ্রের কড়া পদক্ষেপ!

আরম্ভ ওয়েব ডেস্ক
উল্লু, এএলটিটি, দেশিফ্লিক্স-সহ ২৫টি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সম্প্রচারে নিষেধাজ্ঞা। ‘অশ্লীল ও অবৈধ কনটেন্ট’ রুখতেই কেন্দ্রের কড়া পদক্ষেপ!

ভার্চুয়াল পর্দায় লাগাম টানতে আরো একবার কঠোর অবস্থানে কেন্দ্র সরকার। ‘অশ্লীল ও অবৈধ’ দৃশ্য সম্প্রচারের অভিযোগে উল্লু, এএলটিটি, দেশিফ্লিক্স-সহ ২৫টি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, দেশের মাটিতে অবিলম্বে এ সমস্ত ডিজিটাল অ্যাপ আর ওয়েবসাইটে সাধারণ মানুষের প্রবেশাধিকার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, নিষিদ্ধ হওয়া অ্যাপ-ওয়েবসাইটগুলির অধিকাংশই তথাকথিত বিনোদনের আড়ালে অশ্লীলতা, যৌন উত্তেজক দৃশ্য রবং নারীদের অবমাননাকর উপস্থাপনার মাধ্যমে দীর্ঘদিন ধরেই ভারতীয় আইনের একাধিক ধারা লঙ্ঘন করছিল। হুঁশিয়ারি দিয়েও কাজ হয়নি। তথ্য ও সম্প্রচার মন্ত্রক মনে করছে, এ ধরনের কনটেন্ট ভারতীয় সমাজ, সংস্কৃতি এবং নৈতিকতার পরিপন্থী। শেষ পর্যন্ত, তথ্যপ্রযুক্তি আইনের আওতায় কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির মধ্যে রয়েছে উল্লু, এএলটিটি, দেশিফ্লিক্স বিগ শটস অ্যাপ, বুমেক্স, নবরসা লাইট, গুলাব অ্যাপ, কঙ্গন অ্যাপ, বুল অ্যাপ, জলভা অ্যাপ, ওয়াও এন্টারটেইনমেন্ট, লুক এন্টারটেইনমেন্ট, হিটপ্রাইম, ফেনিও, শোএক্স, সোল টকিজ, আড্ডা টিভি, হটএক্স ভিআইপি, হুলচুল অ্যাপ, মুডএক্স, নিয়নএক্স ভিআইপি, ফুগি, মোজফ্লিক্স এবং ট্রিফ্লিক্স।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এ সমস্ত অ্যাপে যে ধরনের কনটেন্ট দেখানো হচ্ছিল তা তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ৬৭ এবং ৬৭এ ধারার লঙ্ঘন। আইনে সফট পর্নোগ্রাফি এবং অশ্লীল ডিজিটাল কনটেন্ট প্রকাশ কঠোরভাবে নিষিদ্ধ। একই সঙ্গে ভারতীয় ন্যায় সঞ্চিতা ২০২৩-এর ২৯৪ ধারা অনুযায়ী, প্রকাশ্যে অশ্লীল আচরণ ও ভাষা প্রয়োগ করাও দণ্ডনীয় অপরাধ। পাশাপাশি নারীদের অশ্লীল উপস্থাপনা (নিষেধাজ্ঞা) আইন ১৯৮৬-র ৪ নম্বর ধারার নিয়মও এই অ্যাপগুলি ভেঙেছে। নারীদের অবমাননাকর, যৌন আবেদনমূলক কিংবা বিকৃত উপস্থাপনা কিছুতেই মেনে নেওয়া হবে না। নয়া ফরমান যাতে দ্রুত এবং সুষ্ঠু ভাবে কার্যকর হয়, তা সুনিশ্চিত কতরে তথ্য ও সম্প্রচার মন্ত্রক ইতিমধ্যেই টেলিযোগাযোগ বিভাগকে বিষয়টি জানিয়ে ইন্টারনেট পরিষেবা সংস্থাগুলিকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে, সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। যেখানে ওটিটি এবং সামাজিক মাধ্যমগুলিতে যৌন উদ্দীপক ও অশ্লীল কনটেন্ট নিষিদ্ধ করার আবেদন জানানো হয়। সে সময় শীর্ষ আদালত মন্তব্য করেছিল যে, এটি বিচার বিভাগের আওতাভুক্ত নয়, বরং প্রশাসনিক স্তরেই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিত। এরপরই কেন্দ্র সক্রিয় পদক্ষেপ নিতে শুরু করে। এ প্রেক্ষিতেই নয়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে, ওটিটি প্ল্যাটফর্মগুলিতে অনিয়ন্ত্রিতযৌন এবং প্রাপ্তবয়স্ক কনটেন্টের বিস্তার নিয়ে দেশজুড়ে প্রবল বিতর্ক তৈরি হয়। কেন্দ্রের নিষেধাজ্ঞা ওই প্রবণতার বিরুদ্ধে বড়ো ধাক্কা হতে পারে বলেই মনে করছেন অনেকেই। তবে আগামী দিনে এই জাতীয় কনটেন্ট রুখতে সরকার নিয়মিত নজরদারি, প্রযুক্তিগত পরিকাঠামো এবং স্পষ্ট নৈতিক নীতিমালার মাধ্যমে কতটা কার্যকর হতে পারে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!