- দে । শ
- নভেম্বর ১৩, ২০২৬
জাকির নায়েকের সংস্থার উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল আরও পাঁচ বছর, কী অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রকের ?
বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের প্রতিষ্ঠিত ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ (আইআরএফ)-এর উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়াল কেন্দ্রীয় সরকার। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে সংগঠনটিকে আরও পাঁচ বছরের জন্য বেআইনি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের অভিযোগ, ‘আইআরএফ’ এবং তার প্রতিষ্ঠাতা জাকির নায়েক ধারাবাহিক ভাবে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর কাজে যুক্ত। সংগঠনটির কার্যকলাপ দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার পক্ষে বিপজ্জনক বলেও মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধর্মের ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অসদ্ভাব তৈরি করতে জাকির নায়েক তাঁর অনুগামীদের উৎসাহিত এবং সাহায্য করেছেন। তাঁর বিভিন্ন বক্তব্য ও ভাষণ আপত্তিকর ও উস্কানিমূলক বলেও দাবি কেন্দ্রের। অভিযোগ, ওই সব বক্তব্যের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি ভারত ও বিদেশের একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের তরুণদের সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত হওয়ার জন্য প্ররোচিত করেছেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক, ইন্টারনেট, মুদ্রিত সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমের সাহায্যে বিশ্বের লক্ষ লক্ষ মানুষের কাছে নিজের বক্তব্য পৌঁছে দিয়েছেন নায়েক। তাঁর এ ধরনের প্রচার দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বিপজ্জনক বলে মনে করছে কেন্দ্র।
কেন্দ্রের আরও আশঙ্কা, ‘আইআরএফ’-এর কার্যকলাপ অবিলম্বে নিয়ন্ত্রণ করা না হলে সংগঠনটি ফের সক্রিয় হয়ে উঠতে পারে। পলাতক সদস্যদের পুনরায় সংগঠিত করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চালানোর চেষ্টা হতে পারে। সাধারণ মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ ও বিদ্বেষ ছড়িয়ে দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোকে দুর্বল করার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। শুধু তা-ই নয়, সংগঠনটি বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপকে প্রশ্রয় দিতে পারে এবং জঙ্গি কার্যকলাপের সমর্থনে প্রচার চালাতে পারে বলেও দাবি শাহ দফতরের। এর ফলে দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে কেন্দ্র। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭-র ৩ নম্বর ধারার উপধারা (১) অনুযায়ী আইআরএফকে বেআইনি সংগঠন ঘোষণা করেছে কেন্দ্র। এ আইনের আওতায় সংগঠনটির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, পুরনো নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার ঠিক আগেই নতুন করে এ সিদ্ধান্ত ঘোষণা করা হল। ২০১৬ সালের ১৭ নভেম্বর প্রথম ‘আইআরএফ’কে বেআইনি সংগঠন বলে ঘোষণা করেছিল কেন্দ্র। ২০২১ সালের ১৫ নভেম্বর দ্বিতীয় বার আরও পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। আইনের ৬ নম্বর ধারার উপধারা (১) অনুযায়ী, আগের নিষেধাজ্ঞার মেয়াদ ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তার আগেই তৃতীয় বার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রক। এর আগে জারি করা নিষেধাজ্ঞা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ ট্রাইব্যুনালও বহাল রেখেছিল।
মুম্বইয়ে জন্ম জাকির নায়েকের। সেখানেই তাঁর পড়াশোনা ও চিকিৎসাবিজ্ঞানে স্নাতক তথা ‘এমবিবিএস’ ডিগ্রি অর্জন। তবে চিকিৎসক হিসেবে পেশাগত জীবন শুরু না করে কুড়ির কোঠাতেই ধর্মীয় প্রচার ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে পড়েন তিনি। ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ে প্রতিষ্ঠা করেন ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’। অলাভজনক সংস্থা হিসেবে যাত্রা শুরু করেছিল ‘আইআরএফ’। নব্বইয়ের দশক থেকেই ধর্মীয় বক্তা হিসেবে পরিচিতি বাড়তে থাকে নায়েকের। ২০০০ সাল নাগাদ তাঁর মুম্বইয়ের সংগঠন ‘আইআরএফ’-এর মাধ্যমে বিভিন্ন ধর্মীয় ভাষণের ভিডিয়ো ছড়িয়ে পড়তে শুরু করে। ধীরে ধীরে অনুগামীর সংখ্যাও বাড়ে। ধর্মীয় আলোচনার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায় সম্পর্কে তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হতে থাকে। অভিযোগ ওঠে, তাঁর বক্তব্যের মাধ্যমে অন্য ধর্মীয় সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে।
২০১৬ সালে একাধিক অভিযোগের মুখে ভারত ছাড়েন নায়েক। তাঁর বিরুদ্ধে ঘৃণাভাষণ ছড়ানো ও অর্থ তছরুপের অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে অর্থ তছরুপের মামলায় তাঁকে পলাতক ঘোষণা করে ভারত। ওই বছরের জুলাই মাসে তাঁর পাসপোর্টও বাতিল করা হয়। যদিও সে সময় নায়েকের দাবি ছিল, তিনি অনাবাসী ভারতীয়। তাঁর বিরুদ্ধে ওঠা ঘৃণাভাষণের অভিযোগও বরাবর অস্বীকার করেছেন তিনি। নায়েকের বক্তব্য, তাঁর কথার অংশবিশেষ তুলে ধরে সেগুলিকে বিকৃত ভাবে উপস্থাপন করা হয়েছে এবং প্রেক্ষিতের বাইরে গিয়ে ব্যাখ্যা করা হয়েছে। ১৭ সালে আনুষ্ঠানিক ভাবে মালয়েশিয়ার নাগরিকত্ব গ্রহণ করেন নায়েক। তার পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার ওই দেশেই রয়েছেন তিনি। তবে সেখানেও তাঁর ধর্মীয় প্রচার বিতর্কের ঊর্ধ্বে থাকেনি। ২০২০ সালে জাতীয় সুরক্ষা ও নিরাপত্তার কারণ দেখিয়ে মালয়েশিয়ায় তাঁর বক্তৃতার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। নায়েকের ভাষণ সম্প্রচারিত হতো ‘পিস টিভি’ নামের একটি চ্যানেলে। ভারত, কানাডা, ব্রিটেন এবং বাংলাদেশে ওই চ্যানেল নিষিদ্ধ।
জাকির নায়েককে ভারতে ফেরানো নিয়েও দীর্ঘদিন ধরে কূটনৈতিক তৎপরতা চলছে। গত বছরের অক্টোবরে নায়েকের প্রত্যর্পণের বিষয়ে ভারতের সঙ্গে সহযোগিতা করার ইঙ্গিত দিয়েছিল মালয়েশিয়া। ভারতে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার দাতো মুজফ্ফর শাহ মুস্তাফা জানিয়েছিলেন, দু-দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তির শর্ত মেনেই বিষয়টি বিবেচনা করা হবে। তবে গোটা প্রক্রিয়া আন্তর্জাতিক আইন এবং বিচারব্যবস্থার নির্ধারিত নিয়ম মেনেই সম্পন্ন করতে হবে বলে স্পষ্ট করেছিলেন তিনি। জাকির নায়েকের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তাঁকে ভারতে ফেরানোর প্রশ্নের পাশাপাশি তাঁর প্রতিষ্ঠিত সংগঠনের উপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্তও নতুন করে আলোচনায় এসেছে।
❤ Support Us





