Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ২২, ২০২৪

পরীক্ষায় জালিয়াতি রুখতে নয়া আইন লাগু, নির্দেশিকা জারি কেন্দ্রের

আরম্ভ ওয়েব ডেস্ক
পরীক্ষায় জালিয়াতি রুখতে নয়া আইন লাগু, নির্দেশিকা জারি কেন্দ্রের

‘নিট’ বিতর্কের মাঝে পরীক্ষা সংক্রান্ত জালিয়াতি রুখতে কেন্দ্রের তরফে নয়া আইন কার্যকর করার কথা ঘোষণা করা হল। নতুন এ আইনটি হল – পাবলিক এগ্‌জামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যাক্ট। চলতি বছরের ফেব্রুয়ারিতে এ আইন পাশ হলেও নিট বিতর্কের মাঝে তা আর হিমঘরে রাখা যুক্তিযুক্ত মনে করছে না সরকার। ফলে বিতর্ক সৃষ্টি হতেই সে আইন সংক্রান্ত নির্দেশিকা জারি করল কেন্দ্র।

এ আইনে বলা হয়েছে , কোনও ব্যক্তি যদি পরীক্ষার প্রশ্নপত্র সংক্রান্ত কোনও জালিয়াতি করতে গিয়ে ধরা পড়েন, তাহলে তাঁর বিরুদ্ধে সরকার জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করতে পারবে। দোষ প্রমাণ হলে ন্যূনতম তিন বছর ও সর্বাধিক পাঁচ বছর কারাবাসের শাস্তির বিধান দেওয়া হয়েছে। তার সঙ্গে অপরাধীকে ১০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আবার যদি কোনও পরীক্ষা গ্রাহক সংস্থা পরীক্ষা জালিয়াতি হচ্ছে জেনেও নীরব থাকে, তখন সে সংস্থাকে ১ কোটি টাকা জরিমানা দিতে হতে পারে বলে বিধান দেওয়া হয়েছে। নিয়ামক সংস্থার কোনও আধিকারিক যদি পরীক্ষা সংক্রান্ত দুর্নীতির অংশীদার হন, তাহলে তাঁর ন্যূনতম তিন বছর ও সর্বাধিক দশ বছরের সাজা হবে। সঙ্গে জরিমানা ধার্য করা হয়েছে ১ কোটি টাকা। ওই সংস্থার সঙ্গে জড়িত কোনও ব্যক্তি অপরাধের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তাঁরও ন্যূনতম পাঁচ বছর সর্বাধিক দশ বছরের সাজা ও তাঁর সঙ্গে ১ কোটি টাকা জরিমানা আদায়ের বিধান দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক নিট কেলেঙ্কারি নিয়ে বিতর্কের মাঝে অধ্যাপক-গবেষক নিয়োগের পরীক্ষা ‘নেট’ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ‘নেট’ রহস্যের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । তাঁদের দাবি পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে নেটের প্রশ্নপত্র ডার্ক ওয়েবে মোটা টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। নিট তদন্তে এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা ১৩। তনে নেট পরীক্ষার দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই এখনও আটক করা হয়নি। দুটি সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বেনিয়মের অভিযোগে দেশের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল। এহেন সময়ে নতুন কার্যকর হওয়া আইনের প্রভাবে অপরাধ দমন কতটা বাস্তবায়িত হয়,সেদিকেই তাকিয়ে আপামর শিক্ষার্থী ও অভিভাবকেরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!