Advertisement
  • দে । শ
  • জুন ১২, ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় কেন্দ্রের নতুন নির্দেশিকা, পেট্রল পাম্পে শিল্প-বাণিজ্যিক সংস্থার জ্বালানি কেনায় নিষেধাজ্ঞা

আরম্ভ ওয়েব ডেস্ক
জ্বালানি সংকট মোকাবিলায় কেন্দ্রের নতুন নির্দেশিকা, পেট্রল পাম্পে শিল্প-বাণিজ্যিক সংস্থার জ্বালানি কেনায় নিষেধাজ্ঞা

দেশে জ্বালানি সরবরাহ ও মূল্যসংকটের মধ্যে বড়ো সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, সাধারণ পেট্রল পাম্প থেকে আর শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক সংস্থা কিংবা বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠানগুলি পেট্রল বা ডিজেল কিনতে পারবে না। পেট্রল পাম্পে জ্বালানি বিক্রি মূলত সাধারণ খুচরো গ্রাহকদের জন্যই সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্র।

বৃহস্পতিবার জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে, বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিল্পকারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বড় সংস্থাগুলি সরাসরি পেট্রল পাম্প থেকে বিপুল পরিমাণে ডিজেল ও পেট্রল সংগ্রহ করছে। এর ফলে সাধারণ গ্রাহকদের জন্য নির্ধারিত খুচরো জ্বালানি সরবরাহের উপর চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে ডিজেলের ক্ষেত্রে এই প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে।
নতুন নিয়ম অনুযায়ী, বাণিজ্যিক ও শিল্প ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রয়োজনীয় জ্বালানি এখন থেকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির নির্ধারিত পাইকারি বিক্রয় কেন্দ্র থেকে সংগ্রহ করতে হবে। সাধারণ খুচরো পেট্রল পাম্প থেকে এই ধরনের ক্রয় আর অনুমোদিত হবে না।

কেন্দ্রের এই সিদ্ধান্তের পিছনে অন্যতম কারণ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ঊর্ধ্বমুখী দাম এবং তার ফলে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির ক্রমবর্ধমান লোকসান। সরকারের মতে, বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি সরাসরি তেল সংস্থাগুলির কাছ থেকে জ্বালানি কিনলে তাদের উপর কোনও ভর্তুকি প্রযোজ্য হবে না, ফলে তেল সংস্থাগুলির আর্থিক চাপ কিছুটা কমবে। বর্তমানে সাধারণ পেট্রল পাম্পে যে ডিজেলের দাম লিটারপ্রতি প্রায় ৯৫ টাকা ২০ পয়সা, একই ডিজেল পাইকারি ব্যবস্থায় কিনতে হলে বড় সংস্থাগুলিকে প্রায় ১৩৪ টাকা ৫০ পয়সা প্রতি লিটার খরচ করতে হবে। ফলে খুচরো ও পাইকারি মূল্যের এই পার্থক্য রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির ক্ষতি কমাতে সাহায্য করবে বলে মনে করছে কেন্দ্র।

যদিও সরকার প্রকাশ্যে জ্বালানি সংকটের কথা স্বীকার করছে না, তবুও সাম্প্রতিক একাধিক পদক্ষেপে পরিস্থিতির গুরুত্ব স্পষ্ট হয়ে উঠছে। গত মাসে একাধিকবার পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে অঘোষিতভাবে জ্বালানি বিক্রিতে নিয়ন্ত্রণ আরোপের অভিযোগও উঠেছে। তারই ধারাবাহিকতায় এবার বাণিজ্যিক জ্বালানি ক্রয়ের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ কার্যকর করা হলো। কেন্দ্রের আশা, এই পদক্ষেপের ফলে সাধারণ গ্রাহকদের জন্য জ্বালানির সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির আর্থিক ক্ষতিও কিছুটা নিয়ন্ত্রণে আসবে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!