Advertisement
  • দে । শ
  • জুন ৪, ২০২৬

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা এজেইউপি নেতার

আরম্ভ ওয়েব ডেস্ক
হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা এজেইউপি নেতার

আমজনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র চেয়ারম্যান, নওদার বিধায়ক হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ই-মেল মারফত তাঁকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে দাবি হুমায়ুনের। নির্দেশ পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা সরে যান। ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্যে।

কেন্দ্রের সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন হুমায়ুন। কেন্দ্রীয় নিরাপত্তা পুনর্বহালের দাবিতে আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণাও করেছেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা করে তাঁর নিরাপত্তার বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করার আবেদন জানাবেন বলে জানিয়েছেন নওদার বিধায়ক। হুমায়ুনের বক্তব্য, তিনি কেবল একজন বিধায়ক নন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানও। ফলে রাজনৈতিক কর্মসূচি ও জনসংযোগের কাজে তাঁকে নিয়মিত বিভিন্ন এলাকায় যেতে হয়। তাঁর দাবি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে অতীতে তাঁকে প্রাণনাশের আশঙ্কার কথাও জানানো হয়েছিল। এই পরিস্থিতিতে হঠাৎ করে কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্তে তিনি বিস্মিত।

চলতি বছরের শুরুতে নতুন রাজনৈতিক দল গঠনের পর নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বিচারপতি শুভ্রা ঘোষ তাঁকে স্বরাষ্ট্র সচিবের কাছে আবেদন জানানোর নির্দেশ দেন। পরবর্তী সময়ে আদালতের পর্যবেক্ষণ এবং গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁকে ‘ওয়াই প্লাস’ শ্রেণির নিরাপত্তা দেয়। নিরাপত্তা বলয়ে ছিলেন একজন ইন্সপেক্টর, দু-জন সাব-ইন্সপেক্টর এবং ১০-১১ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। বিধানসভা নির্বাচনের সময় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছিল।

হুমায়ুনের দাবি, মুর্শিদাবাদের রাজনৈতিক পরিস্থিতি এখনো যথেষ্ট স্পর্শকাতর। নির্বাচনের দিন নওদা এলাকায় তাঁর উপরে হামলার ঘটনাও ঘটেছিল। তাঁর দাবি, ‘সেদিন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা না থাকলে আমার প্রাণহানি পর্যন্ত হতে পারত।’ শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, বিভিন্ন মহল থেকে তাঁকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। বাবরি মসজিদ পুনর্নির্মাণ প্রসঙ্গে তাঁর অবস্থানের কারণেও তিনি নিশানায় রয়েছেন বলে দাবি এজেইউপি নেতার। এই পরিস্থিতিতে বর্তমানে তাঁর নিরাপত্তায় থাকা ২ জন রাজ্য পুলিশকর্মীকে যথেষ্ট মনে করছেন না হুমায়ুন। তিনি জানিয়েছেন, অন্তত ৪ জন পিএসও এবং যাতায়াতের জন্য একটি এসকর্ট গাড়ি প্রয়োজন। ইতিমধ্যেই জেলা পুলিশ সুপারের কাছে হাউস গার্ডের আবেদনও জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে হুমায়ুন সরাসরি নাম করেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির। তাঁর প্রশ্ন, ‘তাঁদের নিরাপত্তা যদি বহাল থাকে, তা হলে আমার ক্ষেত্রেই কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো?’ এ বৈষম্যের ব্যাখ্যা চেয়ে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, এ ঘটনাকে নিছক প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। কারণ, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিরোধী রাজনীতিতে দ্রুত বদল ঘটছে। ‘নতুন তৃণমূল’ গঠনের জল্পনা, দলবদল এবং রাজনৈতিক পুনর্বিন্যাসের আবহে কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের ঘটনাকে ঘিরে নতুন প্রশ্ন উঠতে শুরু করেছে।

এ আবহেই সমাজমাধ্যমে বিস্ফোরক পোস্ট করেছেন হুমায়ুন। এক সময় তাঁকে বিজেপির ‘বি-টিম’ বা ‘দালাল’ বলে আক্রমণ করেছিল তৃণমূলের একাংশ। সে প্রসঙ্গ তুলে তিনি লিখেছেন, ‘কারা বিজেপির আসল বি-টিম, কারা আসল দালাল, তা আজ প্রমাণিত হয়ে গেল।’ ফেসবুক পোস্টে তিনি আরও দাবি করেন, ‘যাহাই তৃণমূল, তাহাই বিজেপি।’ তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে তিনি অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে ভোটে জেতার পর এখন অন্য রাজনৈতিক সমীকরণ তৈরির চেষ্টা চলছে। মুর্শিদাবাদের যাঁরা এক সময় তাঁকে দল থেকে সাসপেন্ড করানোর ক্ষেত্রে সক্রিয় ছিলেন, তাঁদের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

হুমায়ুনের বক্তব্য, ‘আমি কোনো দিন তৃণমূল ছেড়ে নতুন দল গড়তে চাইনি। আমাকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছিল বলেই বাধ্য হয়ে আমজনতা উন্নয়ন পার্টি তৈরি করতে হয়েছে।’ তাঁর দাবি, মানুষের রায়কে সম্মান না করে যে রাজনৈতিক পুনর্বিন্যাস চলছে, তা ভোটারদের সঙ্গে প্রতারণার সামিল। এ দিকে কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের পর রাজ্য পুলিশের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন হুমায়ুন। যদিও সে নিরাপত্তা কতটা কার্যকর হবে, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!