Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৭, ২০২৬

যুদ্ধের আবহে মানবিক সিদ্ধান্ত, পরিযায়ী শ্রমিকদের জন্য ৫ কেজি সিলিন্ডারের সরবরাহ দ্বিগুণ করল কেন্দ্র

আরম্ভ ওয়েব ডেস্ক
যুদ্ধের আবহে মানবিক সিদ্ধান্ত, পরিযায়ী শ্রমিকদের জন্য ৫ কেজি সিলিন্ডারের সরবরাহ দ্বিগুণ করল কেন্দ্র

দেশজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কার মধ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। এতদিন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে যে পরিমাণ ৫ কেজির এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হত, এবার তা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষভাবে পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

কেন্দ্র ইতিমধ্যেই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়ে জানিয়েছে, ৫ কেজির সিলিন্ডারের দৈনিক সরবরাহ বাড়ানো হয়েছে। চলতি বছরের ২ ও ৩ মার্চ যে পরিমাণ সিলিন্ডার পাঠানো হয়েছিল, এখন তার দ্বিগুণ সংখ্যা পাঠানো হবে। তবে এই অতিরিক্ত সিলিন্ডার মূলত পরিযায়ী শ্রমিকদের মধ্যেই বণ্টন করা হবে বলে স্পষ্ট করেছে কেন্দ্র।

উল্লেখযোগ্যভাবে, ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডার চালু করা হয়েছিল সেইসব পরিযায়ী শ্রমিকদের জন্য, যাদের কর্মস্থলে স্থায়ী ঠিকানার প্রমাণপত্র থাকে না। সাধারণ গ্যাস সংযোগ নিতে যেখানে স্থায়ী বাসস্থানের নথি প্রয়োজন হয়, সেখানে এই ছোট সিলিন্ডার শুধুমাত্র বৈধ পরিচয়পত্রের ভিত্তিতেই পাওয়া যায়।

তবে সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরানকে ঘিরে যুদ্ধের আবহে, দেশজুড়ে গ্যাস সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর ফলে প্যানিক বুকিং এবং কালোবাজারির ঘটনাও বেড়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিকরাই, কারণ তাদের জন্য নির্ধারিত ছোট সিলিন্ডারের সরবরাহেও ঘাটতি দেখা দিয়েছিল।

যদিও কেন্দ্রীয় সরকার বারবার আশ্বস্ত করেছে যে, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির জোগান স্বাভাবিক রয়েছে। এই প্রসঙ্গে এইচপিসিএলও জানিয়েছে, জ্বালানির সরবরাহে কোনও বড় সমস্যা নেই। তবুও যুদ্ধের প্রভাব পড়েছে দামের উপর, ফলে এলপিজির মূল্যবৃদ্ধি এবং কালোবাজারির প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

প্যানিক বুকিং নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই কড়া নিয়ম জারি করেছে সরকার। এরই মধ্যে পরিযায়ী শ্রমিকদের স্বস্তি দিতে ৫ কেজির সিলিন্ডারের সরবরাহ দ্বিগুণ করার সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!