Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২৮, ২০২৬

প্রয়োজনে নির্বাচন কমিশনে জানানো হোক অভিযোগ, অজয় পালের বিরুদ্ধে ওঠা মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের । ফলতার বিক্ষোভ নিয়ে চাইলে কমিশনকে রিপোর্ট দিতে পারেন পুলিশ পর্যবেক্ষক, বিতর্কিত ভিডিয়ো নিয়ে মন্তব্য এড়ালেন মনোজকুমার

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রয়োজনে নির্বাচন কমিশনে জানানো হোক অভিযোগ, অজয় পালের বিরুদ্ধে ওঠা মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের । ফলতার বিক্ষোভ নিয়ে চাইলে কমিশনকে রিপোর্ট দিতে পারেন পুলিশ পর্যবেক্ষক, বিতর্কিত ভিডিয়ো নিয়ে মন্তব্য এড়ালেন মনোজকুমার

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা এলাকায় জমায়েত ও বিক্ষোভকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে । এই পরিস্থিতিতে পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা চাইলে নির্বাচন কমিশনকে রিপোর্ট দিতে পারেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল । তবে তাঁর দফতর থেকে এখনো পর্যন্ত কোনও রিপোর্ট চাওয়া হয়নি বলেও মঙ্গলবার দুপুরে স্পষ্ট করেছেন তিনি ।

বুধবার রাজ্যে শেষ দফার ভোটগ্রহণ । তার আগে ১৪২টি বিধানসভা এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ টহল দিচ্ছে এবং নিয়মিত রুটমার্চ করছে । এরই মধ্যে মঙ্গলবার ফলতা এলাকায় যান উত্তরপ্রদেশের আইপিএস অফিসার তথা পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা । মঙ্গলবার জাহাঙ্গির খান এবং তাঁর সমর্থকরা পুলিশ পর্যবেক্ষকের কনভয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেন । যদিও তৃণমূল প্রার্থীর অভিযোগ, অযথা তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে এবং পুলিশ পর্যবেক্ষক নিজেই সাধারণ ভোটারদের ভয় দেখাচ্ছেন । তিনি আরও দাবি করেন, ওই আধিকারিক বিজেপির হয়ে কাজ করছেন । জাহাঙ্গির খান জানিয়েছন, পুলিশ পর্যবেক্ষক দলীয় কার্যালয়েও গিয়েছিলেন, কিন্তু তাঁর সঙ্গে কথা না বলে কর্মীদের সঙ্গে কথা বলে সরাসরি বাড়িতে গিয়ে হুঁশিয়ারি দিয়ে যান ।

অন্যদিকে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরদ্ধে হওয়া মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার হাইকোর্টে ওই আইনজীবী দাবি করেন, পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়ে অজয় তাঁর এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন এবং সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন । তাঁর আরও অভিযোগ, ওই আইপিএস অফিসারের বিরুদ্ধে উত্তরপ্রদেশেও একাধিক মামলা রয়েছে । তবে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় এদিন শুনানি হয়নি । বিচারপতি কৃষ্ণা রায় স্পষ্ট জানিয়ে দেন, ২৯ এপ্রিল—যেদিন বাংলায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ—ততদিন এই বিষয়ে আদালত কোনও হস্তক্ষেপ করবে না । নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকদের কাজে আদালত হস্তক্ষেপ করতে চায় না বলেও তিনি উল্লেখ করেন । পাশাপাশি, প্রয়োজন হলে নির্বাচন কমিশনের কাছেই অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয় ।

এই পরিস্থিতিতে সিইও মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, ফলতা এলাকায় যা ঘটছে তা পুলিশ পর্যবেক্ষকের নজরেই রয়েছে । তিনি চাইলে রিপোর্ট জমা দিতে পারেন এবং সেই ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে । পাশাপাশি, জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও) বা পুলিশের পক্ষ থেকেও কোনও রিপোর্ট এলে তাতে পদক্ষেপ করা হবে । রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেছেন, “ আমাদের কাছে কেউ সাহায্য চাইলে আমরা অবশ্যই করব । ভোটারদের ভয় দেখানো বেআইনি । কোনো ব্যক্তির অধিকার নেই ভোটারদের হুমকি দেওয়ার । আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে । কেউ ভয় দেখালে আমাদের কাছে অভিযোগ জানান, আমরা ব্যবস্থা নেব ।”

পাশাপাশি পুলিশ পর্যবেক্ষককে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, এই প্রসঙ্গে মনোজকুমার আগরওয়ালকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অনেক ভিডিও অনেকে পোস্ট করছেন, আমি কি সব ভিডিও দেখতে যাবো? আমি এই ভিডিওটা দেখিনি, এটা নিয়ে কোনও অভিযোগ এলে তখন এই বিষয়ে বলবো।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!