- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ৭, ২০২৬
শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে সিট গঠন, তদন্তে রাজ্য পুলিশ ও সিআইডি
শুভেন্দু অধিকারী-র আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল রাজ্য সরকার। এই সিটে রাজ্য পুলিশের আধিকারিকদের পাশাপাশি সিআইডি-র অফিসারদেরও রাখা হয়েছে। যদিও তদন্তকারী দলে ঠিক কত জন সদস্য রয়েছেন বা কোন কোন আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট ভাবে জানানো হয়নি।
বৃহস্পতিবার সকালে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের ডিজি প্রবীণ কুমার মধ্যমগ্রামের ঘটনাস্থল পরিদর্শনে যান। তার আগে বুধবার রাতেই সেখানে পৌঁছেছিলেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ গুপ্ত। তদন্তের স্বার্থে প্রকাশ্যে বিস্তারিত কিছু বলতে না চাইলেও তিনি জানান, ঘটনায় ব্যবহৃত একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। নম্বরপ্লেট অনুযায়ী গাড়িটি শিলিগুড়ির হলেও, সেটি ভুয়ো বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু গুলি ও ব্যবহৃত কার্তুজও উদ্ধার হয়েছে।
ইতিমধ্যেই তদন্তে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে সিআইডি। বৃহস্পতিবার সকালে সিআইডি-র আধিকারিকেরা মধ্যমগ্রামের ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তার আগেই বুধবার রাতে সেখানে পৌঁছেছিল রাজ্য পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের দল। চন্দ্রনাথ যে গাড়িতে ছিলেন, সেই গাড়ি থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। গাড়ির সামনের দু’টি আসনে রক্তের দাগ মিলেছে বলে জানা গিয়েছে। সেই আসন-সহ গাড়ির একাধিক অংশ থেকে ফরেনসিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
ঘটনার পর থেকেই গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। যেখানে চন্দ্রনাথকে গুলি করা হয়েছিল, সেই এলাকা এবং তাঁর আবাসন থেকে যশোর রোড পর্যন্ত রাস্তাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা মোতায়েন রয়েছেন। আপাতত ওই পথে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে এবং সাধারণ মানুষের যাতায়াতেও বিধিনিষেধ জারি করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে মধ্যমগ্রামের হাসপাতাল থেকে চন্দ্রনাথ রথের দেহ পাঠানো হয় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সেখানকার মর্গে রাখা হয়েছে দেহটি। বৃহস্পতিবারই সেখানে ময়নাতদন্ত হওয়ার কথা। এই ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই তিন সদস্যের বিশেষ মেডিক্যাল টিম গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দলে রয়েছেন একজন বিভাগীয় প্রধান এবং দু’জন সহকারী অধ্যাপক। পুরো প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র হাতে এলেই দ্রুত ময়নাতদন্ত শুরু করা হবে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-ও বৃহস্পতিবার বারাসত হাসপাতালে যেতে পারেন বলে সূত্রের খবর।
❤ Support Us






