- দে । শ
- নভেম্বর ১৭, ২০২৫
ভারত-বাংলা সীমান্তে বাড়ছে ভিড়, শোরগোল বসিরহাটে
এসআইআর শুরু হতেই নাকি বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য হিড়িক দেখা দিয়েছে। এরকম খবরে শোরগোল পড়ে যায় বসিরহাট সীমান্ত এলাকা। এবং তার কিছুটা বাস্তব ছবিও ধরা পড়ে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের হাকিমপুর সীমান্তে। কয়েকদিন ধরে ভারত বাংলাদেশ লাগোয়া স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্টের কাছে বাংলাদেশি নাগরিকের ভিড় দেখা যাচ্ছে। এনিয়েই জল্পনা তৈরি হয়। আজ সকালে শতাধিক মানু্য হাকিমপুর চেকপোস্টের কাছে এক জায়গায় হতেই বেশ চাঞ্চল্য দেখা দেয়। চাউর হয়ে যায় এসআইআর চলছে বলে বাংলাদেশ থেকে যারা অবৈধ ভাবে ভারতে ঢুকে বসবাস করছিলেন তারাই আবার দেশে ফিরে যাচ্ছে। যদিও এই ঘটনার সত্যতা পুলিশ বা বিএসএফ স্বীকার করেনি।
এদিন সকালে হাকিম চেক পোস্টের কাছে দেখা যায় দলে দলে মানুষ বড় লাগেজ নিয়ে একটি ছাউনির নিচে অপেক্ষা করছে। তারা সকলেই কলকাতা রাজ্যের নানা জায়গায় কাজ করতেন। কেউ ভ্যান রিকশা টানতেন, কেউ বা রাজ মিস্ত্রী, ইটভাটার শ্রমিক হিসেব ভারতে ছিলেন। এখন এসআইআর শুরু হওয়ায় আবাহ নিজের দেশে ফিরে যেতে চাইছেন। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা এলাকার বাসিন্দা এরা। মহিলা পুরুষ শিশুরাও আছে দলে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আইনবহির্ভূত ভাবে কাউকে যেতে দেওয়া হবে না। এরকম যদি অবৈধ অনুপ্রবেশকারী কেউ বাংলাদেশে ফিরতে চান তাহলে আইনানুগ পথেই তাঁকে পাঠানো হবে। তবে পুলিশ দায় নিতে না চাইলেও বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এলাকার মানুষের মনে, কীভাবে এত লোক একজায়গায় প্রকাশ্যে জড়ো হচ্ছে চেকপোস্টের কাছে।
জানা গেছে, শীতের মরসুমে অনেকেই ধানকাটা বা ইটভাটায় কাজের সন্ধানে চোরা পথে এদেশে ঢুকে পড়েন। আবার অনেকে চিকিৎসার জন্য বসিরহাটের বিভিন্ন নার্সিং হোমে, চেম্বারে ডাক্তার দেখাতে আসেন। তাদের অনেকে ফিরে যাচ্ছন। এর সঙ্গে এসআইআর–র কোন সম্পর্ক নেই।
❤ Support Us





