- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৬, ২০২৪
রাজ্যসভায় মনু সিংভির আসনে নগদ টাকার বান্ডিল উদ্ধার, উত্তপ্ত পরিস্থিতি
কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির আসনে নগদ টাকার একটা বান্ডিল পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্যসভা। বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশন মুলতবি হওয়ার পরে নাশকতাবিরোধী পরীক্ষার সময় মনু সিংভির আসন থেকে নগদ টাকার বান্ডিল খুঁজে পান নিরাপত্তা আধিকারিকরা। টাকার বান্ডিল উদ্ধার হওয়ার ঘটনার পরে আজ সকালে রাজ্যসভায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর সাংসদদের জানিয়েছেন যে, ‘নিরাপত্তা আধিকারিকরা বৃহস্পতিবার সিকিউরিটি চেকের সময় ২২২ নম্বর আসন থেকে টাকার নোটের একটা বান্ডিল উদ্ধার করেছে। যে আসনটি বর্তমানে তেলেঙ্গানা রাজ্য থেকে নির্বাচিত অভিষেক মনু সিংভিকে বরাদ্দ করা হয়েছে। টাকা উদ্ধারের ঘটনা নিয়ে তদন্ত করা হচ্ছে।’ বিষয়টি নিয়ে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে বলেছেন, তদন্তে তাঁদের কোন আপত্তি নেই। তবে তদন্ত চলছে বলে চেয়ারম্যানের উচিত হয়নি সাংসদের নাম প্রকাশ করা।
এদিকে, যার আসন থেকে টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়েছে, কংগ্রেসের সেই সাংসদ অভিষেক মনু সিংভি বলেন , ‘এই ঘটনা প্রথমবার শুনেছি। আগে কখনও শুনিনি। আমি যখন রাজ্যসভায় যাই, তখন আমি একটা ৫০০ টাকার নোট নিয়ে যাই। প্রথমবার এটি শুনেছিলাম। আমি দুপুর ১২.৫৭ টায় হাউসের ভেতরে পৌঁছেছিলাম এবং ১ টায় যখন হাউস ভাঙল, আমি ক্যান্টিনে যাই। তারপর দুপুর ১.৩০ পর্যন্ত ক্যান্টিনে বসেছিলাম। তারপর আমি চলে আসি।’ মনু সিংভির দাবি, তিনি বৃহস্পতিবার হাউসে মোট তিন মিনিট এবং ক্যান্টিনে আরও ৩০ মিনিট কাটিয়েছেন। এই ধরনের বিষয় নিয়ে রাজনীতি করা ‘অদ্ভুত’ বলে উল্লেখ করেছেন।
মনু সিংভি বলেন, ‘অবশ্যই, এই ঘটনার একটা তদন্ত হওয়া উচিত। কীভাবে লোকেরা এসে যে কোনও আসনে যে কোনও কিছু রাখতে পারে। এর অর্থ আমাদের প্রত্যেকের একটা আসন থাকতে হবে এবং আসনটি নিজেকেই তালাবন্ধ করে রাখতে হবে। চাবিটি সাংসদকে বাড়িতে নিয়ে যেতে হবে, কারণ সবাই আসন নিয়ে যখন তখন কিছু করতে পারে এবং এই বিষয়ে অভিযোগ করতে পারে।’
❤ Support Us






