Advertisement
  • দে । শ
  • মে ৭, ২০২৬

সিঙ্গুর ক্ষতিপূরণ মামলায় টাটাদের ৭৬৬ কোটি টাকা ফেরতের নির্দেশে স্থগিতাদেশ । রাজ্যকে দিতে হবে ব্যাঙ্ক গ্যারান্টি

আরম্ভ ওয়েব ডেস্ক
সিঙ্গুর ক্ষতিপূরণ মামলায় টাটাদের ৭৬৬ কোটি টাকা ফেরতের নির্দেশে স্থগিতাদেশ । রাজ্যকে দিতে হবে ব্যাঙ্ক গ্যারান্টি

সিঙ্গুরে টাটা মোটরসের ন্যানো কারখানা প্রকল্প ভেস্তে যাওয়ার পর জমি ফেরত সংক্রান্ত ক্ষতিপূরণ মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। টাটা গোষ্ঠীকে প্রায় ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ট্রাইব্যুনালের নির্দেশে আট সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করেছে আদালত। বিচারপতি অনিরুদ্ধ রায়ের একক বেঞ্চ জানিয়েছে, এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দিষ্ট অঙ্কের ব্যাঙ্ক গ্যারান্টি জমা দিতে হবে। তার পরেই ক্ষতিপূরণ প্রদান সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, ২০২৩ সালের ৩০ অক্টোবর ট্রাইব্যুনাল রায়ে পশ্চিমবঙ্গ সরকারকে টাটা মোটরসকে ৭৬৫ কোটি ৭৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি বলা হয়, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ওই টাকার উপর ১১ শতাংশ হারে সুদ দিতে হবে। ট্রাইব্যুনালের এই রায়ের পর টাটা মোটরস ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে একটি বিবৃতিও প্রকাশ করে।

ট্রাইব্যুনালের রায়ের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের অভিযোগ ছিল, মামলার ট্রাইব্যুনাল বিচারকের সঙ্গে টাটা গোষ্ঠীর ঘনিষ্ঠতা রয়েছে এবং সেই কারণে রায় পক্ষপাতদুষ্ট হয়েছে। তবে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। এরপর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলেও শীর্ষ আদালতও হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখে এবং মামলাটি ফের কলকাতা হাইকোর্টে পাঠানো হয়।

এই মামলার শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছিল। এর মধ্যেই সদ্যসমাপ্ত নির্বাচনে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত স্পষ্ট হয়েছে এবং বিজেপি সরকার গঠনের পথে। সেই আবহেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট ট্রাইব্যুনালের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল।

উল্লেখ্য, ২০০৬ সালে বামফ্রন্ট সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হুগলির সিঙ্গুরে টাটা মোটরসের ছোট গাড়ি ‘ন্যানো’ প্রকল্পের ঘোষণা করেছিলেন। প্রায় ১০০০ একর জমি টাটাদের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু জমি আন্দোলন ও রাজনৈতিক বিরোধিতার জেরে শেষ পর্যন্ত সিঙ্গুরে কারখানা গড়া সম্ভব হয়নি। পরে ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টাটাদের জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। টাটা গোষ্ঠী জমি ফেরাতে রাজি হলেও, প্রকল্পের জন্য ইতিমধ্যে করা বিনিয়োগ ও অন্যান্য খরচ বাবদ ক্ষতিপূরণ দাবি করে। সেই দাবি নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ট্রাইব্যুনাল ক্ষতিপূরণের নির্দেশ দেয়, যা নিয়েই বর্তমানে আদালতে টানাপোড়েন চলছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!