Advertisement
  • দে । শ
  • জুন ২৫, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গে কড়া পদক্ষেপ বিজেপিতে, সাসপেন্ড চেতলার দলীয় কর্মী

আরম্ভ ওয়েব ডেস্ক
শৃঙ্খলা ভঙ্গে কড়া পদক্ষেপ বিজেপিতে, সাসপেন্ড চেতলার দলীয় কর্মী

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও এলাকায় ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে কলকাতার চেতলার এক বিজেপি কর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল রাজ্য বিজেপি । অভিযুক্ত তারক বন্দ্যোপাধ্যায়কে সাময়িকভাবে দল থেকে বরখাস্ত করার পাশাপাশি শোকজ নোটিসও পাঠানো হয়েছে । তাঁকে ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে ।

রাজ্য বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের পর থেকেই ওই কর্মীর বিরুদ্ধে এলাকায় ভয় দেখানো, হুমকি দেওয়া এবং দলেরই কর্মীদের শারীরিকভাবে হেনস্তার একাধিক অভিযোগ উঠেছে । পাশাপাশি তাঁর বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগও রয়েছে ।

এই অভিযোগগুলির ভিত্তিতেই দলীয় শৃঙ্খলারক্ষা কমিটি পদক্ষেপ নেয় । কমিটির প্রমুখ প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানান, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তাঁর পাঠানো চিঠিতে অভিযুক্তকে শোকজ করা হয় এবং আপাতত দলীয় সমস্ত কার্যক্রম থেকে সাসপেন্ড করা হয়েছে ।

জানা গিয়েছে, তারক বন্দ্যোপাধ্যায় চেতলা রোড এলাকার বাসিন্দা হলেও তিনি বিজেপির হয়ে নিউ আলিপুর অঞ্চলে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন । তাঁর স্ত্রীও পুরসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন বলে দলীয় সূত্রে জানা যায় । অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর তিনি এলাকায় আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং একাধিক অসাংগঠনিক ও দলবিরোধী কর্মকাণ্ডে যুক্ত হন ।

রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানা গিয়েছে । দলের তরফে আরও জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন জেলায় নির্বাচনের পরবর্তী হিংসা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে একাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে শোকজ ও সাসপেনশনের ব্যবস্থা নেওয়া হয়েছে । এবার সেই ধারাবাহিকতায় কলকাতাতেও একই ধরনের কড়া পদক্ষেপ নেওয়া হল ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!