Advertisement
  • দে । শ
  • জুলাই ১০, ২০২৪

শিশু দত্তক নিয়ে সচেতনতা শিবির কালনায়

আরম্ভ ওয়েব ডেস্ক
শিশু দত্তক নিয়ে সচেতনতা শিবির কালনায়

শিশু দত্তক নেওয়ার পদ্ধতি সম্পর্কে জনগণ ও স্বাস্থ্য ব্যবস্থায় যুক্ত মানুষজনকে অবহিত করতে সচেতনতা শিবির। এই শিবিরটি আয়োজিত হল কালনা মহকুমা হাসপাতালে। সেইসঙ্গে নির্দিষ্ট বয়সের আগে বিয়ে ও গর্ভধারণের কুফল সম্পর্কেও অবহিত করা হল শিবির থেকে। অনেকের বাচ্চা দত্তক নেওয়ার ইচ্ছে থাকলেও কীভাবে নেওয়া যাবে, সেই বিষয়ে জানেন না। তাদের কথা ভেবেই কালনা মহকুমা হাসপাতালে এই শিবিরের উদ্যোগ বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। শিবিরে চাইল্ড অ্যাডপটেশন কমিটির সদস্য থেকে শুরু করে স্বাস্থ্য কর্মী ও আধিকারিক, পঞ্চায়েত, পুরসভা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা হাজির ছিলেন।

দত্তক গ্রহণ কমিটির তরফে প্রোটেকশন অফিসার শোভনলাল বাগের সঙ্গে কথা বলে জানা গেল, শিশু দত্তক নেওয়ার জন্য নির্দিষ্ট সরকারি পোর্টালের মাধ্যমে আবেদন জমা করতে হয়। প্রতিটি জেলায় এই ব্যবস্থা রয়েছে। আবেদনের ভিত্তিতে চাইল্ড অ্যাডপটেশন কমিটির তরফে তদন্ত করে আবেদনকারী দম্পতির বয়সের হিসেব করে, সেই বয়সের ভিত্তিতে নির্দিষ্ট বয়সের বাচ্চা দেওয়া হয়। এছাড়া আবেদনকারী দম্পতির মনের স্থিতিশীলতা দেখা হয়। সেইসঙ্গে এই কমিটি অবৈধভাবে দত্তক নেওয়া, শিশু পাচার রোধেও সচেতনতা প্রচার করে। চন্দন বিশ্বাস নামে এক ব্যক্তি শিশু দত্তক নিতে চান। তিনি এই শিবিরে হাজির হয়ে জানান, ‘কীভাবে সরকারি নিয়মনীতি মেনে বাচ্চা দত্তক নিতে হয়, জানতাম না। শিবিরে এসে সবকিছু জানলাম। আর সমস্যা হবে না।’ এইরকম শিবিরের আরও আয়োজন করা হবে বলে হাসপাতাল সূত্রের খবর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!