- এই মুহূর্তে বি। দে । শ
- আগস্ট ২৮, ২০২৫
মার্কিন স্কুলে ফের চলল গুলি। নিহত ৩, আহত অন্তত ২০
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিসের অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে। মার্কিন বিচার বিভাগের এক কর্তাকে উদ্ধৃত করে এখবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
প্রায় ৩৯৫ জন শিক্ষার্থী নিয়ে পরিচালিত বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলটি দু’দিন আগেই চালু হয়েছিল। স্কুল শুরু হওয়ার দুই দিন পর এই গুলি চালানোর ঘটনা ঘটে। স্কুলটি অ্যানানসিয়েশন ক্যাথলিক চার্চের সঙ্গে যুক্ত। অ্যানানসিয়েশন ক্যাথলিক চার্চ ও স্কুল, দুটিই মিনেসোটার বৃহত্তম শহরের দক্ষিণ–পূর্ব অংশে এক আবাসিক এলাকায় অবস্থিত।
প্রাক–কিন্ডারগার্ডেন থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলটিতে পড়ানো হয়। সোমবার ছিল স্কুলের প্রথম দিন। বুধবার সকাল ৮.১৫ মিনিট নাগাদ প্রার্থনা শুরু হয়। শিক্ষার্থীরা যখন প্রার্থনা করছিল, সেই সময় এক অজ্ঞাত পরিচয় বন্দুকধারী স্কুলের গির্জার জানালা দিয়ে রাইফেল দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলিতে ৮ ও ১০ বছর বয়সী দুজন শিক্ষার্থী ঘটনাস্থলেই প্রাণ হারায়। ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। গুলি চালানোর পর বন্দুকধারী গির্জার পেছনের দিকে গিয়ে নিজের গুলিতে আত্মহত্যা করে।
ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ, এফবিআই এবং অন্যান্য ফেডারেল এজেন্ট এবং অ্যাম্বুলেন্স ছুটে আসে। শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিনিয়াপোলিস পুলিশ প্রধান ব্রায়ান ও’হারার জানান, ‘আহত শিশুদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ৯ জনকে স্থানীয় ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।’ পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর কাছে একটা রাইফেল, একটা শটগান এবং একটা পিস্তল ছিল। সন্দেহ করা হচ্ছে, গুলি চালানোর সময় এগুলি সবই ব্যবহার করেছে বন্দুকধারী। স্থানীয় পুলিশ এই ঘটনাকে নিরীহ শিশুদের ওপর ইচ্ছাকৃত হামলা বলে অভিহিত করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলিবর্ষণের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে, এফবিআই ঘটনাস্থলে রয়েছে। ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে লিখেছেন, ‘মিনেসোটার মিনিয়াপোলিসে মর্মান্তিক গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে। এফবিআই দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। হোয়াইট হাউস এই ভয়াবহ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’ মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এই গুলি চালানোর ঘটনাকে ভয়াবহ বলে অভিহিত করেছেন।
২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার গুলি চালানোর ঘটনা ঘটল মিনিয়াপোলিসে। মঙ্গলবার বিকেলে মিনিয়াপোলিসের একটা উচ্চ বিদ্যালয়ের বাইরে গুলি চালানোর ঘটনায় একজন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। শহরে আরও দুটি গুলিবর্ষণের ঘটনায় দুজন নিহত হন।
❤ Support Us







