- এই মুহূর্তে দে । শ
- জুন ২৬, ২০২৬
শেষ দফার মেট্রো কাজ, ১২০ ঘণ্টা বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল, জারি বিজ্ঞপ্তি
দীর্ঘ প্রতীক্ষার পর কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (কবি সুভাষ-কলকাতা বিমানবন্দর করিডর) নির্মাণকাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। চিংড়িঘাটা অংশে বাকি থাকা গুরুত্বপূর্ণ গার্ডার বসানোর কাজ সম্পন্ন করতে আগামী দুই দফায় মোট ১২০ ঘণ্টার জন্য চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
রেল বিকাশ নিগম লিমিটেড-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফায় আজ, শুক্রবার রাত ৮টা থেকে আগামী সোমবার সকাল ৮টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ৩ জুলাই রাত ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত উড়ালপুলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
এ সময়ে চিংড়িঘাটা উড়ালপুলের যে অংশটি সুকান্ত নগরের দিকে নেমেছে, তার উপরের অংশে মেট্রো প্রকল্পের গার্ডার বসিয়ে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে সংযোগ স্থাপনের শেষ পর্যায়ের কাজ করা হবে। প্রথম দফায় ৩২৫ ও ৩২৬ নম্বর স্তম্ভের উপর এবং দ্বিতীয় দফায় ৩২৬ ও ৩২৭ নম্বর স্তম্ভের উপর গার্ডার বসানোর কাজ সম্পন্ন হবে। এর মাধ্যমেই চিংড়িঘাটা অংশে মেট্রো লাইনের গুরুত্বপূর্ণ সংযোগের কাজ শেষ হবে।
উড়ালপুল বন্ধ থাকাকালীন সেক্টর ফাইভমুখী সমস্ত যানবাহনকে বেলেঘাটা মেন রোড, ইএম বাইপাস ক্রসিং এবং সল্টলেকের ভিতরের রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। ফলে ওই সময়ে যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা করার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে রাজনৈতিক টানাপোড়েনের জেরে চিংড়িঘাটা অংশে প্রায় আড়াই বছর ধরে মেট্রোর কাজ কার্যত বন্ধ ছিল। পরে প্রয়োজনীয় অনুমতি মেলার পর দ্রুত গতিতে নির্মাণকাজ শুরু করে আরভিএনএল। ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন।
মেট্রো কর্তৃপক্ষের লক্ষ্য, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কবি সুভাষ থেকে নিউ টাউন পর্যন্ত অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা চালু করা। সেই লক্ষ্য পূরণে এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে করিডরের শেষ পর্যায়ের নির্মাণকাজ।
❤ Support Us






