- দে । শ প্রচ্ছদ রচনা
- আগস্ট ২১, ২০২৪
আর জি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিল সিআইএসএফ, হাজির ডিআইজি–ও
মঙ্গলবার আর জি কর হাসপাতাল ও চিকিৎসকদের হস্টেলে নিরাপত্তার জন্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে বুধবারই আর জি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব তুলে নিল কেন্দ্রীয় আধা–সামরিক বাহিনী।
এদিন সকাল ৯টা নাগাদ বাহিনী নিয়ে হাসপাতালে হাজির হন সিআইএসএফ–এর ডিআইজি কে প্রতাপ সিং। তিনি অধ্যক্ষের অফিস, জরুরি বিভাগসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। হাসপাতালের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করেন। বৈঠক সেরে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমাদের কাজ করতে দিন। আমরা এখানে কিছু কাজের জন্য এসেছি। আমাদের কাজ শেষ করতে দিন। তারপর সিনিয়র অফিসাররা বিস্তারিত জানাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা বাধ্যতামূলক কাজ করছি।’
আর জি কর হাসপাতালে পৌঁছে সিআইএসএফ–এর ডিআইজি প্রতাপ সিং কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত সমস্ত খুটিনাটি বিষয় জেনে নেন। তারপর প্রশাসনিক ভবনে যান। সেখানে কলকাতা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে কলকাতা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চান, কোথায় কত নিরাপত্তাকর্মী প্রয়োজন, কীভাবে পাহারা দেওয়া হয়। ১৪ আগস্ট রাতের ঘটনাও জেনে নেন।
১৪ আগস্ট রাতে হাসপাতালে প্রতিবাদী চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়াদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। হাসপাতালের দুটি তলায় ভাঙচুর চালায়। চিকিৎসার সরঞ্জাম ক্ষতিগ্রস্থ করে। সেই হামলার ঘটনার পর নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন চিকিৎসক ও পড়ুয়ারা। এরপরই সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা গ্রহন করে। সেই মামলায় হাসপাতাল ও হস্টেলের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দিয়েছে। সুপ্রিম কোর্ট মঙ্গলবার বলেছে, ‘হাসপাতালের চত্বরে ভাঙচুরের ঘটনা মোকাবিলা করার জন্য রাজ্য কীভাবে প্রস্তুত ছিল তা আমরা বুঝতে পারছি না।’ আদালত আরও উল্লেখ করেছে যে, জনতার হামলার পরে হাসপাতালের বেশিরভাগ চিকিৎসক ক্যাম্পাস ছেড়েছেন। চিকিৎসকরা যাতে ফিরে এসে রোগীদের চিকিৎসা করতে পারেন সেজন্য নিরাপদ পরিবেশ তৈরি করা প্রয়োজন।
❤ Support Us





