- দে । শ
- ফেব্রুয়ারি ২৩, ২০২৬
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় সংঘর্ষ
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বর সোমবার ভোর থেকে উত্তপ্ত হয়ে ওঠে ছাত্র সংগঠনগুলির সংঘর্ষকে কেন্দ্র করে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ -র অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা তাদের উপর পরিকল্পিত ও প্রাণঘাতী হামলা চালিয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন ছাত্র গুরুতর জখম হয়েছেন বলে দাবি করা হয়েছে।
এবিভিপি সূত্রে জানা গিয়েছে, বায়োটেকনোলজি বিভাগের ছাত্র প্রতীক ভরদ্বাজকে বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস চত্বরে ঘিরে ফেলা হয়। অভিযোগ, একদল বামপন্থী সমর্থক প্রথমে তাঁর চোখে অগ্নিনির্বাপক যন্ত্রে ব্যবহার্য গুঁড়ো ছিটিয়ে দেয়। এরপর তাঁকে মারধর করা হয়। এমনকি একটি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে তাঁর উপর হামলার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেছে এবিভিপি। বর্তমানে প্রতীক ভরদ্বাজ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে জানা গেছে।
এ বিষয়ে জওহরলাল ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন -এর যুগ্ম সম্পাদক তথা এবিভিপি নেতা বৈভব মীনা অভিযোগ করেছেন, গত এক সপ্তাহ ধরে ক্যাম্পাসে বামপন্থী পড়ুয়ারা ধর্মঘট চালাচ্ছিলেন। রবিবার রাতে পরিস্থিতি চরমে পৌঁছয়। তাঁর দাবি, কয়েকশো দুষ্কৃতী লাইব্রেরি ও রিডিং রুমে ঢুকে পড়ে এবং সেখানে পড়ুয়াদের মারধর করে। এক পড়ুয়াকে প্রায় ১০০-১৫০ জনের একটি দল গণধোলাই দিয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
ঘটনার প্রতিবাদে সরব হয়েছে এবিভিপি নেতৃত্ব। তাদের অভিযোগ, দিল্লি পুলিশের সামনেই এই তাণ্ডব চালানো হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে পড়ুয়াদের উপর পরিকল্পিত হিংসার ঘটনায় প্রশ্ন তুলেছে তারা। দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছে এবিভিপি।
তবে এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত বামপন্থী ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে ঘিরে বিশ্ববিদ্যালয় চত্বরে টানটান উত্তেজনা বিরাজ করছে।
❤ Support Us





