- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২৩, ২০২৫
উত্তরাখণ্ডে আবার মেঘভাঙা বৃষ্টি, ধ্বংসস্তুপ থারালি। নিহত ১, নিখোঁজ বহু
কিছুদিন আগেই মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল ধারালি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার সেই মেঘভাঙার ঘটনা উত্তরাখণ্ডে। চামোলি জেলায় মেঘ ভাঙনের ফলে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে থারালি বাজার এলাকা। অনেক ঘরবাড়ি, অফিস ভবন ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে গেছে। একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অনেকেই নিখোঁজ।
শুক্রবার রাতে উত্তরাখণ্ডের চামোলি জেলায় থালারি থানা এলাকায় এই মেঘ ভাঙার ঘটনা ঘটে। মেঘ ভাঙার ফলে ভারী বৃষ্টিপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। থারালি বাজার এলাকা এবং থারালি তহসিল কমপ্লেক্স ধ্বংসস্তূপে পরিণত হয়। সাব–ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের সরকারি বাসভবন, দোকানপাট এবং যানবাহনসহ অনেক আবাসিক এলাকাও ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে যায়। বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ধারালির নিকটবর্তী সাগওয়ারা গ্রামে একটা মেয়ে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে। তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। চেপডন মার্কেট এলাকার কিছু দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মেঘ ভাঙার খবর পেয়ে দ্রুত এলাকায় ছুটে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য মোকাবিলা বাহিনী। তারা উদ্ধারকাজে নেমে পড়ে। তবে প্রতিকূল অবস্থায় উদ্ধার কার্য ব্যাহত হচ্ছে। ধ্বংসাবশেষ এবং ভারী বৃষ্টিপাতের কারণে থারালি–গোয়ালদাম সড়ক এবং থারালি–সাগওয়ারা সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা গেছে মানুষ তাদের হাঁটু সমান জলের মধ্যে বাড়ি–ঘরের ধ্বংসস্তুপের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে।
চামোলি জেলা ম্যাজিস্ট্রেট সন্দীপ তেওয়ারি বলেছেন, ‘শুক্রবার রাতে চামোলির থারালি তহসিলে মেঘ ভাঙার ঘটনা ঘটেছে। প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘ ফেটে প্রচুর বৃষ্টিপাতের ফলে পুরো এলকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এসডিএম বাসভবনসহ অনেক বাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত।’ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিবেক প্রসাদ সংবাদ সংস্থা এএনআই–কে বলেন, ‘শুক্রবার রাতেই এনডিআরএই এবং এসডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছেছে। বন্যার কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে এবং মানুষ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রশাসন ত্রাণ কাজে নিয়োজিত রয়েছে। এর পাশাপাশি আমরা ত্রাণ শিবির স্থাপন করেছি।’ চামোলি পুলিশ জানিয়েছে, অনেক স্থানীয় মানুষকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, তিনি পরিস্থিতির ওপর নজর রাখছেন। এক্স–এ এক পোস্টে তিনি লিখেছেন, ‘শুক্রবার রাতে চামোলি জেলার থারালি এলাকায় মেঘ ভাঙনের একটা মর্মান্তিক খবর পাওয়া গেছে। জেলা প্রশাসন, এসডিআরএফ এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। আমি স্থানীয় প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
চলতি মরশুমে উত্তরাখণ্ডে ভারী, অবিরাম বৃষ্টিপাত, মেঘ ভাঙন, আকস্মিক বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটেই চলেছে। এই মাসের শুরুতে, উত্তরাখণ্ডের হারসিল এবং ধরালিতে মেঘ ভাঙনের ফলে আকস্মিক বন্যা দেখা দেয়, যার ফলে অনেকে নিখোঁজ হন। বাড়ি–ঘর ক্ষতিগ্রস্ত হয়। ভারতীয় আবহাওয়া দফতর ২৫ আগস্ট পর্যন্ত উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে।
❤ Support Us






