- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ২৭, ২০২৩
কুড়মি ও আদিবাসীদের মধ্যে মণিপুরের মতো রক্তক্ষয়ী দাঙ্গা লাগাতে চাইছে বিজেপি, শালবনির সভামঞ্চ থেকে বললেন মমতা
শালবনির নব জোয়ারের সভামঞ্চ থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সতর্ক করে বললেন, “এতো বড় সাহস, কাল বীরবাহা হাঁসদার গাড়ি ভেঙেছে। আমি এখনও বিশ্বাস করি আমার কুড়মি ভাইরা এই কাজ করতে পারে না। বিজেপি কুড়মিদের নাম করে এসব করেছে। ওরা অভিষেকের ওপর আক্রমণ করতে চেয়েছিল। এটা মানা হবে না। কুড়মি ও আদিবাসীদের মধ্যে মণিপুরের মতো রক্তক্ষয়ী দাঙ্গা লাগাতে চাইছে, আমরা তা হতে দেব না। এভাবে বাংলাকে এবং তৃণমূলকে শেষ করতে পারবেন না।” এদিন মমতা বলেন, “আমি দয়া করে সিপিএমকে ধরিনি, সুব্রতদা, এখন মারা গেছেন তিনি আমায় বলতেন, তুই ওদের সপ্তাহে একদিন করে শাস্তি দে, আমি দিইনি। আমি শান্তি চেয়েছি। আমি কাউকে লাঠি বন্দুক দিয়ে মারব না। বিচুটি পাতা দিয়ে দেব।”
এরপর মমতা কুড়মি, আদিবাসীদের উদ্দেশে বলেন,”আপনাদের জমি, ৬০ বছরে পেনশন, পড়া সব করে দিয়েছি। কি হয়নি? শালবনিতে আগেও এসেছি। শালবনি,নেতাই, ভাদুতলা কি ছিল দেখেছি। বিজেপি রোজ শিক্ষা,ধর্ম,সমাজ,নোট বদলাচ্ছে। বদলাতে বদলাতে একদিন নিজেদেরই বদলাতে হবে। আমি জঙ্গল মহলে অনাহার ক্ষুধা দেখেছি। এসব মান্ডি,মাহাতো সবাইকে স্পর্শ করে। এখন ঐক্যশ্রী, রূপশ্রী,লক্ষ্মীর ভাণ্ডার সবাই পাচ্ছেন। ৬০ বছরে ১০০০ টাকা পাবেন বার্ধক্য ভাতা হিসাবে। কৃষক,মৎস্যজীবী, অন্নদাতাদের ভাতা দিই।”
মমতা বিজেপির নাম উল্লেখ না করে বলেন, “ওরা এনআরসি করতে বলছে, বলছে তুমি এখনও টাস্ক ফোর্স করনি। এই টাস্ক ফোর্স বাড়ি বাড়ি গিয়ে দেখবে কে কোন জাত। আগুন লাগলে কেউ বাদ যায় না। তাই আগুন লাগাতে নেই। মণিপুরে জাতি দাঙ্গায় রক্ত ঝড়ছে। কেউ তো যায়নি! কেউ কেউ নাচাগানা করছে। আমি মণিপুর যেতে চাই, আটকে দেবে। অসমে আমাদের যেতে দেয়নি এর আগে, এনআরসি-র সময়। আমি মানুষের পাশে থাকব। জ্যোতিবাবুরা এখানে জমি দিয়ে পালিয়ে গেছে। আমি জিন্দালদের কারখানা করেছি। ওরা ওদের অব্যবহৃত জমি ফিরিয়ে দিয়েছে, সেখানে কারখানা হবে। ৬টা মাল্টি সুপার স্পেশালি হাসপাতাল হয়েছে এই জেলায়। কি করিনি। বিরসা মুণ্ডা ইউনিভার্সিটি হয়েছে। আমি ঠিক করেছি একটা ট্রাইবেল বোর্ড বানাব। আমি থাকব, বীরবাহা থাকবে। বিজেপি জাতি দাঙ্গা করতে চায়। ওদের পরিকল্পনা কুড়মি-আদিবাসী লাগিয়ে দাও। এর জন্য বিজেপি অনেক নেতাদের টাকা দিয়েছে। মনে রাখবেন, আমাদের সবচেয়ে বড় পদবি আমরা মানুষ। বিজেপি এখানে মণিপুরের মতো জাতি দাঙ্গা লাগাতে চেষ্টা করছে। যারা রেল, রাস্তা অবরোধ করছেন, গাড়ি ভাঙছেন, যদি মনে করেন বিজেপির কথায় মুখে বিজেপির স্লোগান দিয়ে রাম,বাম, শ্যাম করবেন,তাদের বলছি, আমি সব সহ্য করতে পারি চোখ রাঙানি সহ্য করতে পারি না। দিল্লিও আমায় চমকাকয়। বলে এটা না করলে ১০০ দিনের টাকা দেব না। আমি বলি আর ৬ মাস। দিল্লি বদলাবে। আমি মাহাতোদের এসব ভাবতে বলব। আপনারা যদি বলেন উন্নয়ন করতে, আমি আমার সাধ্যের মধ্যে যা সম্ভব করব।”
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নরম-গরমে কুড়মি সম্প্রদায়ের নাম না করে তাদের যেমন বার্তা দেন তেমোইনি নাম করে বিজেপি, সিপিএমকে সতর্ক করেন।
এদিন ২০০০ টাকার নোট বদলের প্রসঙ্গে বলেন, “করতে হলে আগে অপশন করে তারপর ২০০০ টাকার নোট বদল করতে হয়। আমি বলছি একটা রাজনৈতিক দল ২ হাজার টাকার নোটগুলি মজুত করেছে। কোন পার্টির নাম বলছি নিশ্চই বুঝেছেন। বিজেপির কাজ শুধু বদলে দাও। ওদের নাম থাকবে দেশের সবচেয়ে বড় কুমির হিসাবে। ওরা বুঝতে পারে না কেউ সারা জীবন বেঁচে থাকবে না।” এরপর মমতা নাম না করে বিজেপিকে, “শয়তান, কাফের”, বলে সমালোচনা করেন।
জঙ্গল মহলে তৃণমূলের গোষ্ঠী কোন্দল মেটাতে এদিনের সভা থেকে মমতা জেলার নেতাদের বার্তা দিয়ে বলেন, সবাইকে এক হয়ে চলতে হবে। তার পর তিনি বলেন, “অজিত মাইতি অনেক পুরনো।কেউ অজিতের কথা শোনে না,পাত্তা দেয় না। অজিতের দোষ দলবাজি করার। কেশিয়ারির জগদীশ এখন নেই। বাকিদের বলছি হয় মিটিয়ে নাও না হলে পালটে দেব। দীনেন রায়কে বলেন,শুধু দোকানে বসলে হবে না, কাজ করতে হবে। শ্রীকান্ত মাহাতো কত বড় নেতা অথচ বলে না আমরা চারবার কুড়মি ইস্যুতে চিঠি দিয়েছি দিল্লিতে। দিল্লি আটকে দিয়েছে।”
তৃণমূলনেত্রী এদিন হুমায়ুন ককিরকে বলেন প্রশাসন চালানো আর রাজনীতি করা এক নয়। ডেবরার সমস্যা মেটান।” মানস ভুঁঞাকে বলেন, “শুধু সবং করলেই হবে? আপনি বাংলার মন্ত্রী। সবং,পিংলা,ডেবড়া নিয়ে কাজ করুন।”
নব জোয়ার যাত্রার মূল ইস্যু উল্লেখ করে মমতা এদিন বলেন, “দলের প্রতীক যে পাবেন তাঁকে সবার সমর্থন করতে হবে, সে আমার বা আপনার যার প্রার্থীই হোক।” অর্থাৎ তিনি বুঝিয়ে দেন, প্রার্থী নির্বাচনের নাম যে মারামারি দলের মধ্যে চলছে সেটা তিনি বরদাস্ত করবেন না।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন মমতার বক্তব্যের আগে বলেন,”আমরা আজ দলনেত্রীর কথা শুনবো এবং তাঁর নির্দেশিত পথে দলকে এগিয়ে নিয়ে যাব।
নব জোয়ার কর্মসূচির দশম দিনে মালদার ইংলিশ বাজারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আজ শনিবার শালবনিতে অভিষেকের নব জোয়ার মঞ্চে ফের তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেন। এর আগে বাঁকুড়ার পাত্রসায়রের নব জোয়ার কর্মসূচিতে কালীঘাট থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে এদিনের জঙ্গল মহলের শালবনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কেন না মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “বাম আমলের জঙ্গল মহলে যে অশান্তির পরিবেশ বিরাজ করত সেই অবস্থা থেকে তিনি জঙ্গল মহলে শান্তি ফিরিয়েছেন।”
তবে শুক্রবার রাতে গড় ঝাড়গ্রামে অভিষেকের কনভয় বেরিয়ে যাওয়ার পর তাঁর কনভয়ের পিছনে থাকা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনা ও অশান্তি করে কুড়মি সম্প্রদায়ের প্রতিনিধিরা। তবে এই ঘটনা মুখ্যমন্ত্রীর জঙ্গল মহলে শান্তি ফেরানোর এই দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে।
তবে এই ঘটনায় দায় কুড়মি সম্প্রদায় অস্বীকার করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কুড়মি সম্প্রদায়ের মানুষদের কাছে এই ঘটনা সম্পর্কে বিবৃতি দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে বলেন এই ঘটনার সঙ্গে আদিবাসী কুড়মি সমাজের সম্পর্ক আছে কি না । কুড়মিরা জানিয়ে দেয় এই ঘটনার সঙ্গে তারা জড়িত নয়। তবে ৪৮ ঘণ্টার আগেই পুলিশ শুক্রবারের ঘটনায় ৪ জনকে আটক করেছে, তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করা সহ অযান্য ধারায় মামলা করেছে।
এদিকে শুক্রবার গড় শালবনির ঘটনায় তৃণমূলের তরফে পুলিশের বিরুদ্ধে প্রশ্ন উঠলেও শনিবার পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। শালবনিতে ডিআইজি স্তরের পুলিশ কর্তারা শনিবার সকাল থেকেই সজাগ ছিল। শালবনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে এসে কুড়মি সম্প্রদায়ের কিছু মানুষ দাঁড়াতে পারে, এই সন্দেহে বেশ কয়েক জন কুড়মি সম্প্রদায়ের মানুষকে পুলিশ শনিবার গ্রেফতার করেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে যান শনিবার। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে চান কাজ করতে তাঁদের কোনও সমস্যা হচ্ছে কি না। হাসপাতাল পরিচালনার জন্য কোনও জিনিস দরকার আছে কি না। প্রসুতি মায়েদের সঙ্গে কথা বলেন। ২৬ এপ্রিল শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালের এই ভবনের উদ্বোধন হয়। মমতা প্রসুতি বিভাগে গিয়ে মায়েদের সঙ্গে কথা বলে কয়েকজন শিশুর নাম করণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কাজকর্মের সম্পর্কে জানতে চান, বলেন কোনও দরকার হলে বলবেন, প্রশাসন সাহায্য করবে।
❤ Support Us





