- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ১৬, ২০২৩
এগরা বিস্ফোরণে সিআইডি তদন্তের নির্দেশ। মর্মান্তিক বিস্ফোরণ নিয়ে অযথা রাজনীতি করছে বিজেপি, বললেন মমতা
পূর্ব মেদিনীপুরের এগরায় এলাকায় মঙ্গলবার দুপুরে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পরে নবান্ন জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া সাতজন জখম। এদিন এই মর্মান্তিক ঘটনার পরে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে ব্যক্তির বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে তার নাম ভানু বাগ। গত কালীপুজোর সময়ে গ্রেফতার হওয়া বাজি কারখানার মালিক ভানু বাগ ইতিমধ্যে কীভাবে জামিন পেয়েছেন, এদিন তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, ওই বাজি কারখানাটি বেআইনি। কারখানার মালিক এদিনের বিস্ফোরণের পরে ওড়িশায় পালিয়ে গিয়েছেন। মমতার কথায়, ওই বাজি কারখানার মালিক যেখানেই পালাক, আমরা ওকে ধরবো।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওই বাজি কারখানার বিস্ফোরণের তদন্তে জাতীয় গোয়েন্দা সংস্থা তদন্ত করলেও তাঁর কোনও আপত্তি নেই। বাজি কারখানায় এদিন বিস্ফোরণের ঘটনায় মৃতদের আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। আহতদের চিকিৎসার জন্যে একলক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা করবে রাজ্য সরকার।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কার্যত বিজেপিকে দুষেছেন। তিনি বলেন, দু’মাস আগে ওই এলাকায় বিজেপি পঞ্চায়েতের নির্দল প্রার্থীকে সমর্থন করে পঞ্চায়েত দখল করেছে্। ওখানে যে এভাবে বেআইনি কারখানা চলছে, সেই খবর তো বিজেপির নেতৃত্বাধীন স্থানীয় সাহারা পঞ্চায়েতেরই রাখা উচিত ছিল।
এদিকে বিজেপির অভিযোগ, কারখানার মালিক ভানু বাগ তৃণমূল কর্মী। এই অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা অভিযোগ করেছেন, এটা কোনও রাজনৈতিক দলের ব্যাপারই নয়। তাছাড়া স্থানীয় পঞ্চায়েত তৃণমূল পরিচালিত নয়। বেআইনি বাজি কারখানা চালানোর জন্যে রাজ্য পুলিশ কারখানার মালিক ভানু বাগকে গ্রেফতারও করেছিল। বিজেপি এখন অযথা রাজনীতি করছে।
❤ Support Us






