Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • অক্টোবর ২৬, ২০২৩

রেশন দুর্নীতকাণ্ডে জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডির তল্লাশি, বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
রেশন দুর্নীতকাণ্ডে জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডির তল্লাশি, বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

রেশন বন্টন দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির হানা নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে  বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বললেন, ‘‘নোংরা রাজনীতির খেলা চলছে। এভাবে মুখ বন্ধ করা যাবে না। পুজোর শেষে মানুষ যখন বিজয়ায় ব্যস্ত, জেলায় জেলায় যখন পুজো কার্নিভ্যাল নিয়ে নেতামন্ত্রীরা ব্যস্ত, তখন রেইড করছে। পুজোর আগের দিন রথীনের (মন্ত্রী রথীন ঘোষ) বাড়িতে রেইড করেছে। আজ বালুর বাড়িতে রেইড করছে। আমার প্রশ্ন একটাই  কোনও  বিজেপির ডাকাত, নেতা, মন্ত্রী, চোরেদের বাড়িতে রেইড হয়েছে? সারা জীবন কেউ ক্ষমতায় থাকবে না, সেটা মনে রাখা উচিত। কত মানুষকে জেলে ঢোকাবেন?’’

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন,  ‘‘জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য খারাপ। অনেক সুগার। ও যদি মারা যায়, তা হলে বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করব।” কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করে মমতা আরও বলেন, ‘‘আমাদের সাংসদ ছিলেন সুলতান আহমেদ। তিনি মারা গিয়েছেন। তিনি সিবিআইয়ের থেকে চিঠি পেয়েছিলেন। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী মারা গিয়েছেন। নাম বলানোর জন্য অত্যাচার চালানো হচ্ছে।’’

দুর্গাপুজো মিটতেই রাজ্যে দুর্নীতির অভিযোগে তদন্তে আবার সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। রেশন বণ্টন দুর্নীতির তদন্তে ইডির এই অভিযান। মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে’র বাড়িতেও হানা দিয়েছেন তদন্তকারীরা। এই তল্লাশি যখন চলছে তখন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, “রাজনৈতিক ভাবে না পেরে উঠে এই ভাবে বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ব্যবহার করা হচ্ছে। রাজস্থানের মুখ্যমন্ত্রীর ছেলের বাড়িতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রেইড করছে।”

মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, ‘‘ওরা দেশের ইতিহাস বদলে দিচ্ছে। প্রতিহিংসার রাজনীতি করছে। সবকা বিকাশ সবকা সর্বনাশ হচ্ছে দেশে। হঠাৎ করে সার্কুলার জারি করা হচ্ছে সব জায়গা থেকে ইন্ডিয়া নাম বাদ দেওয়া হচ্ছে। এত ভয় কেন? আমরা ইন্ডিয়া করেছি দেখে? এবার যদি ভারত বলতে আরম্ভ করি? কী করবে? আমাদের স্লোগানে তো #ভারত জিতেগা লেখা আছে, তাহলে?’’

মুখ্যমন্ত্রী এদিন বলেন, “বিজেপি নেতাদের বাড়িতে কেন তল্লাশি অভিযান চালাচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? এটা ঠিক যেন মহম্মদ বিন তুঘলকের রাজত্ব চলছে। ইচ্ছে মতো ইতিহাস বদলে দিচ্ছে, পুজোর মধ্যে এনসিইআরটি জানাচ্ছে স্কুলের বইতে ইন্ডিয়া লেখা থাকবে না ,ভারত লেখা থাকবে। কে এনসিইআরটি ? যখন ইচ্ছে ৫০০, ১০০০,২০০০ টাকার নোট চাপাচ্ছে আবার বাতিল করে দিচ্ছে। গ্যাসের দাম ১০০০ টাকায় তুলে নিয়ে নির্বাচনের আগে ২০০ টাকা দাম কমাচ্ছে। আবার যদি ভোটে জিতে ক্ষমতায় আসে আহলে ২০০০ টাকা গ্যাসের দাম করে দেবে। জিএসটি-র নাম রাজ্য থেকে ট্যাক্স নিচ্ছে, কত টাকা দিচ্ছে রাজ্যকে? আমাদের আবাস যোজনার টাকা , ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। দুর্নীতি হয়েছে বলে টাকা দিচ্ছে না, যদি দুর্নীতি হয় তাহলে তদন্ত করুন। শান্তিনিকেতন হেরিটেজ তকমা পেয়েছে, অথচ ফলকে রবীন্দ্রনাথের নাম নেই। পুজোর মধ্যে এসব হয়েছে। যদি এই ফলকে রবীন্দ্রনাথের নাম না আনা হয় আগামীকাল ওই জেলায় গলায় রবীন্দ্রনাথের ছবি ঝুলিয়ে তৃণমূল কর্মীরা প্রতিবাদ করবে। রাজ্যের পুজো হেরিটেজ পাওয়ার পর রাজ্যে এসে পুজো উদ্বোধন করছে। আগে বলেছিল বাংলায় পুজো হয় না।”

সাংবাদিক সম্মেলনের শেষে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন, “অনুরোধ, গণতন্ত্রের পরম্পরা যাতে নষ্ট না হয় সেটা দেখুন। হয় এসব বন্ধ করুন, না হয় চালু রাখুন। যদি এসব চলতে থাকে তাহলে রাজ্যের বিষয়ে হস্তক্ষেপ করবেন না। এভাবে দেশ চলে না।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!