- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২৩, ২০২৫
ভাইফোঁটায় নতুন গানে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, এক্স পোস্টে সুনীল স্মরণ
আজ ভ্রাতৃদ্বিতীয়া। সকালেই রাজ্যবাসীকে ভাইফোঁটার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে নিজের এক্স (X) হ্যান্ডেলে একটি নতুন মিউজিক ভিডিও প্রকাশ করে তিনি লিখেছেন, “ভ্রাতৃদ্বিতীয়ায় সবাইকে আমার শুভেচ্ছা।”
২৫ সেকেন্ডের সেই ভিডিওতে শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা গান —
“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
মঙ্গলদ্বীপে জ্বলুক শিখা।”
গানটি গেয়েছেন গায়িকা ঐতিহ্য। পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমার কথা ও সুরে, ঐতিহ্যের কণ্ঠে ছোট্ট নিবেদন।”
ভ্রাতৃ দ্বিতীয়ায় সবাইকে আমার শুভেচ্ছা।
আমার কথা ও সুরে, ঐতিহ্যর কণ্ঠে ছোট্ট নিবেদন – pic.twitter.com/5m9MuW7lU6
— Mamata Banerjee (@MamataOfficial) October 23, 2025
রাজ্যের প্রশাসনিক প্রধান হলেও, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বহুমুখী প্রতিভার অধিকারী। কবিতা, প্রবন্ধ, গান লেখা ও সুর করা, ছবি আঁকা—সব ক্ষেত্রেই তাঁর সৃজনশীলতা চোখে পড়ে। দুর্গাপুজোর সময় বিভিন্ন পুজো উদ্যোক্তার অনুরোধে তিনি গান লিখেছিলেন। কালীপুজোতেও প্রকাশ পেয়েছিল তাঁর লেখা ও সুর করা গান “অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে, শান্তি নিয়ে এসো মা”, যা গেয়েছিলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।
এদিন ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি, সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণদিবসেও শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্স পোস্টে তিনি লেখেন, “বাংলা সাহিত্যের দিকপাল, স্বনামধন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণদিবসে জানাই বিনম্র শ্রদ্ধা।”
❤ Support Us






