- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১৭, ২০২৫
ভোটার তালিকা নিয়ে সতর্ক তৃণমূল, নেতাজি ইন্ডোরে বিএলএ-দের সাথে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী
রাজ্যে ‘এসআইআর’ প্রক্রিয়ার প্রাথমিক ধাপ শেষ। প্রকাশিত হয়েছে নয়া ভোটার তালিকা। কমিশনের তথ্য অনুযায়ী বাদ পড়েছেন প্রায় ৫৬ লক্ষ ভোটার। এবার দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। তালিকায় যাদের নাম নেই, তাদের নোটিশ পাঠিয়ে ভেরিফিকেশনের কাজ করবে কমিশন। তার আগেই বুথ স্তরে সংগঠনকে আরো চৌকস করতে বড়োসড়ো উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস। আগামী ২২ ডিসেম্বর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের সমস্ত বুথ লেভেল এজেন্ট বা বিএলএ এবং দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক নেতাদের নিয়ে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার কালীঘাটের বাসভবনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিএলএ ও বিএলএ-২দের নিয়ে বৈঠকেই এ কর্মসূচির কথা জানিয়ে দেন নেত্রী। ওই বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং মেয়র ফিরহাদ হাকিম। দলীয় সূত্রে খবর, প্রায় ২৬৭ জন বিএলএ-র সঙ্গে সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ভোটার তালিকা নিয়ে উদ্বেগের কথা খোলাখুলিই জানান তিনি। সম্প্রতি নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা নিয়ে রাজ্য জুড়ে প্রশ্ন উঠেছে। তালিকায় একাধিক অসঙ্গতি ধরা পড়েছে বলে দাবি তৃণমূলের। দলীয় সূত্রের মতে, এ পর্যন্ত প্রায় ৫৮ লক্ষ ৫৯ হাজার ৮৯৮ জন ভোটারের নাম বাদ পড়েছে খসড়া তালিকা থেকে। আগামী দিনে এ সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বুথ স্তরের কর্মীদের আরও সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন মমতা।
বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, প্রতিটি বিএলএ-কে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হাতে নিয়ে স্ক্রুটিনি করতে হবে। যাঁদের নাম বাদ পড়েছে, কী কারণে বাদ গিয়েছে, তা খতিয়ে দেখতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ভোটারদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার দায়িত্বও নিতে হবে বিএলএ-দের। বিশেষ করে নির্বাচন কমিশনের তরফে যাঁদের শুনানির নোটিশ পাঠানো হবে, তাঁদের কাগজপত্র সংক্রান্ত কোনো সমস্যা যাতে না হয়, সে দিকে নজর রাখতে বলেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, অনেক সাধারণ মানুষ ইংরেজি ভাষায় স্বচ্ছন্দ নন। ফর্ম ফিলআপ, নথি বোঝা কিংবা শুনানির প্রক্রিয়ায় তাঁরা সমস্যায় পড়তে পারেন। সে ক্ষেত্রে দলের কর্মীদেরই পাশে দাঁড়াতে হবে। প্রবীণ, অসুস্থ এবং শারীরিকভাবে দুর্বল ভোটারদের ক্ষেত্রে বাড়তি নজর দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। তাঁর সংযোজন, মানুষের মধ্যে ভরসা তৈরি করাই এ মুহূর্তে দলের সবচেয়ে বড়ো দায়িত্ব।
এসআইআর প্রক্রিয়ার প্রথম পর্বে বিএলওদের সঙ্গে বিএলএ-রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ ও সংগ্রহের কাজ করতে সাহায্য করেছেন। সে তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই পর্ব শেষ হলে শুরু হবে দ্বিতীয় পর্ব, যেখানে ভোটার তালিকার ঝাড়াই-বাছাই, নাম সংযোজন, সংশোধন ও আপত্তি নিষ্পত্তির কাজ চলবে। এ পর্যায়ে বিএলওদের সঙ্গে সমন্বয় রেখে বুথ স্তরে কী ভাবে কাজ করতে হবে, তারই দিকনির্দেশ নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে দিতে পারেন মমতা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দ্রুত নেতাজি ইন্ডোরে সভার প্রস্তুতি শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, ওই সভায় বিএলএ-দের পাশাপাশি সাংগঠনিক দায়িত্বে থাকা নেতাদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।
তবে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে। রাজ্য জুড়ে তৃণমূলের বিএলএদের সংখ্যা কয়েক হাজার। এত বিপুল সংখ্যক কর্মীকে একসঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসানোর ব্যবস্থা কী ভাবে করা হবে, তা নিয়ে চিন্তায় রয়েছে দলীয় নেতৃত্ব। প্রয়োজনে একাধিক দফায় প্রবেশ বা বিকল্প ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে বলে তৃণমূল সূত্রে খবর। প্রসঙ্গত, নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্য জুড়ে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে বলে যে দাবি উঠেছে, তা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তীব্র আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় নাম সংযোজন, সংশোধন ও আপত্তি সংক্রান্ত প্রক্রিয়ায় বুথ স্তরের কর্মীদের কী ভাবে আরো সক্রিয় ভূমিকা নিতে হবে, সেই বার্তাই নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে স্পষ্ট করতে চান মুখ্যমন্ত্রী। দলীয় নেতৃত্বের মতে, সাধারণ মানুষ যাতে শুনানির সময় অযথা হয়রানির শিকার না হন, সেটাই এই বৈঠকের মূল লক্ষ্য।
❤ Support Us







