Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৭, ২০২৫

আহত, চিকিৎসাধীন বিজেপি সাংসদকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
আহত, চিকিৎসাধীন বিজেপি সাংসদকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসাধীন মালদহ উত্তরের সাংসদের সঙ্গে কথা বলেন তিনি । চিকিৎসা সংক্রান্ত খোঁজ খবর নেন দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে । কথা বলেন খগেন মুর্মুর স্ত্রী এবং পরিবারের অন্যান সদস্যদের সঙ্গে ।

মুখ্যমন্ত্রীর সৌজন্যে খুশি সাংসদের পরিবার । তাঁরা জানান, কোথায় আঘাত পেয়েছেন সাংসদ, সেগুলো জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী । এবিষয়ে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছেন তিনি । প্রয়োজনে অন্যত্র চিকিৎসার ব্যবস্থা করতে হলেও, যেন তাঁকে বলা হয় একথা সাংসদের পরিবারের সদস্যদের জানিয়েছেন তিনি ।

হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘ খুব গুরুতর কিছু নয়, চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টও দেখেছি । উনি এখন পর্যবেক্ষণে রয়েছেন । কানের একটা জায়গায় চোট রয়েছে, ডায়বেটিস আছে, তা নিয়ন্ত্রণ করতে হবে ।’
সোমবার, উত্তরবঙ্গের দুর্যোগ-বিপর্যস্ত জলপাইগুড়ির নাগরাকাটা এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন মালদহ উত্তর আসনের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ । সেই সময় সেখানে উপস্থিত কিছু বিক্ষোভকারী তাঁদের উপর চড়াও হয় । প্রত্যক্ষদর্শীদের মতে, ইট ছোড়া হয়, যার আঘাতে রক্তাক্ত হন সাংসদ খগেন মুর্মু। বিধায়ক শঙ্কর ঘোষকে ধাক্কা দিয়ে মারধরের চেষ্টা করা হয়। । দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন ।

জলপাইগুড়ির নাগরাকাটায় দুর্যোগ কবলিত এলাকায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার ঘটনার জেরে উত্তপ্ত রাজ্য রাজনীতি । এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি । উত্তরবঙ্গে সফররত রাজ্যের পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্ব । গেছেন কেন্দ্রীয় মন্ত্রী । সাংসদকে আক্রমণের ঘটনায় মঙ্গলবারই রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা । সোমবার চিকিৎসাদীন সাংসদ এবং বিধায়কের সঙ্গে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । অন্যদিকে রাজ্য বিজেপি আক্রমণকারীদের গ্রেফতারির দাবিতে সরব হয়েছে । রাজ্যের অন্যান্য বিরোধী দলগুলোও হিংসার ঘটনার নিন্দা করেছিল । সোমবার নাগরকাটায় পৌঁছেই জনপ্রতিনিধিদের ওপর আক্রমণের ঘটনা অনভিপ্রেত এবং দুঃখজনক বলে মন্তব্য করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । রাজনীতি ভুলে, উত্তরবঙ্গের বিপর্যয়ে সকলে মিলে একসঙ্গে কাজ করার বার্তাও দেন তিনি । এরপর আজ হাসপাতালে গিয়ে চিকিৎসারত রাজনীতিবিদদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন মুখ্যমন্ত্রী ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!