- দে । শ প্রচ্ছদ রচনা
- জুলাই ৯, ২০২৫
নীতি আয়োগের মানচিত্রে বিহার হয়ে গেল বাংলা! ক্ষুদ্ধ মমতা, দিলেন চিঠি
কেন্দ্র-রাজ্য সমন্বয়ের দায়িত্ব নীতি আয়োগের। সেই নীতি আয়োগ যে বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে তাতে বিহারকে চিহ্নিত করা হয়েছে বাংলা হিসাবে। এই ভুলের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন। সোশাল মিডিয়াতেও মুখ্যমন্ত্রী নীতি আয়োগের এই ভুল তুলে ধরে একটি পোস্টও করেছেন।
Here goes my letter today to the Vice Chairperson, NITI Aayog, New Delhi, expressing my unequivocal disapproval of their grave lapse in mapping West Bengal! pic.twitter.com/4PM4TlgDRR
— Mamata Banerjee (@MamataOfficial) July 9, 2025
তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে নীতি আয়োগের বার্ষিক রিপোর্টে ভারতের মানচিত্রে বিহারকে বাংলা হিসাবে দেখানোর বিষয়টি উল্লেখ করে বলেন, বাংলাকে ভুল দেখানো হয়েছে। বাংলাকে অপমান করা হয়েছে।
তার পরই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানকে চিঠিতে লিখেছেন, “পশ্চিমবঙ্গের মানচিত্র নিয়ে এই ভুল মেনে নেওয়া যায় না। দেশের অন্যতম প্রধান পরিকল্পনা সংস্থার তরফে প্রকাশ করা সরকারি নথিতে এরকম ভুল কি ভাবে থাকতে পারে?”
তৃণমূলের দাবি, এই বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হোক। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “বিজেপির বাংলাকে ছোট করে দেখাবার যে মানসিকতা,এই মানচিত্রে তারই প্রতিফলন প্রকাশ পেয়েছে। অবিলম্বে এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করে কি কি ব্যবস্থা নেওয়া হল, তা মুখ্যমন্ত্রীকে জানানো উচিত।”
কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলার দু’জন মন্ত্রী থাকতে এই ভুল কি ভাবে হয়? তা নিয়েও তৃণমূল প্রশ্ন তুলেছে।
❤ Support Us





