Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ২৭, ২০২৬

ফের সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
ফের সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী

এসআইআর সংক্রান্ত মামলায় আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পক্ষে আদালতে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল।

আদালতে কপিল সিব্বল অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের আগের নির্দেশ থাকা সত্ত্বেও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে না জানিয়ে জুডিশিয়াল অফিসারদের জন্য নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। তাঁর দাবি, কোন নথি গ্রহণ করা হবে আর কোনটি হবে না—সেই সংক্রান্ত স্পষ্ট নির্দেশ দিচ্ছে কমিশন। এমনকি এসডিও-দের (SDO) দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ না করার কথাও বলা হচ্ছে বলে তিনি আদালতে জানান।

সিব্বলের আরও বক্তব্য, কমিশন জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণ দিচ্ছে, যা বিচারব্যবস্থার স্বাধীনতার প্রশ্ন তুলছে। এ প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তোলেন, “কমিশন প্রশিক্ষণ না দিলে কে দেবে?”

তবে প্রধান বিচারপতির বেঞ্চ এদিন স্পষ্ট জানিয়ে দেয়, প্রতিদিন এভাবে একই বিষয়ে আদালতের দ্বারস্থ হওয়া সমস্যাজনক। প্রধান বিচারপতি মন্তব্য করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অত্যন্ত স্পষ্ট, বিচারকরা জানেন তাঁদের কী করতে হবে।

এর আগে একই মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে বিচারিক প্রক্রিয়া নির্দিষ্ট কাঠামোর মধ্যেই চলবে এবং সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষ নিজেদের বিবেচনায় আইনানুগ সিদ্ধান্ত নেবেন। সেই প্রেক্ষাপটেই কমিশনের নতুন নির্দেশিকা ও প্রশিক্ষণ প্রসঙ্গ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

ফলে এসআইআর মামলাকে কেন্দ্র করে প্রশাসন, নির্বাচন কমিশন এবং বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, যা আগামী শুনানিতে আরও স্পষ্ট হতে পারে বলে আইন মহলের মত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!