- দে । শ
- অক্টোবর ২৬, ২০২৬
পুরভোটে বিজেপি কর্মীদের লক্ষ্য বেঁধে দিলেন শুভেন্দু
আসন্ন হলদিয়া পুরসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি কর্মীদের জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। সোমবার তমলুক সাংগঠনিক জেলায় বিজেপির নতুন দলীয় কার্যালয়ের ভূমিপুজো অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলীয় কর্মীদের নির্বাচনী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে হলদিয়া পুরভোটে তাঁকে ‘খালি বাটি হাতে ফেরানোর’ বার্তা দেন শুভেন্দু। তাঁর দাবি, আসন্ন নির্বাচনে মানুষের সমর্থন বিজেপির পক্ষেই থাকবে।
হলদিয়া পুরসভার ৩০টি আসনেই জয়ের লক্ষ্যমাত্রা স্থির করে শুভেন্দু বলেন, “পুরো জেলার কর্মীরা ঝাঁপিয়ে পড়বেন। একদম শূন্য করে দিতে হবে ৩০টি আসনেই। একদম বাটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি হাতে পাঠাতে হবে। অনেক ক্ষতি করে দিয়েছে আমাদের। যাতে আর কোনও ক্ষতি করতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে।” পুরভোটের ফলাফল নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, “বউনি করতে দেব না। লিখে রাখুন আমার নাম করে। জনগণ আমার সঙ্গে আছে।”
শুধু হলদিয়া পুরসভা নির্বাচনই নয়, আগামী দিনের সমস্ত নির্বাচন নিয়েও আশাবাদী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ভবিষ্যতের নির্বাচনে রাজ্যে ৬০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হবে বিজেপি। দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, নির্বাচনে সাফল্য পেতে হলে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামতে হবে।
এদিন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, দল ও জনপ্রতিনিধিদের ধরে রাখতে ব্যর্থ হয়েছেন তৃণমূল নেত্রী নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেন, “উনি ৮০টা বিধায়ক জিতিয়েছিলেন, কিন্তু ধরে রাখতে পারেননি। তার দায় কি আমার? ২৮ জন সাংসদের মধ্যে ২০ জনকে ধরে রাখতে পারেননি, তার দায় কি আমার? উনি নিজের ঘর সামলাতে পারছেন না।”
মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে ফিরহাদ হাকিমের মন্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন শুভেন্দু। তাঁর বক্তব্য, “মমতার সবথেকে বড় অনুগামী ফিরহাদ হাকিম বলছেন, উনি ভক্তের থেকে রক্তকে বেশি গুরুত্ব দিয়েছেন। ফিরহাদ হাকিম কি বিজেপির নেতা নাকি আমাদের মুখপাত্র?”
তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কটাক্ষ করে শুভেন্দুর দাবি, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলার আগে নিজেদের দল সামলানো উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, আগে নিজের ঘর সামলান, তারপর বিজেপির দিকে আঙুল তুলুন।
সব মিলিয়ে, হলদিয়া পুরসভা নির্বাচনকে ঘিরে বিজেপির রাজনৈতিক প্রস্তুতি এবং তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের সুর আরও জোরালো করলেন শুভেন্দু অধিকারী। ৩০টি আসনেই জয়ের ডাক দিয়ে দলীয় কর্মীদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। তবে নির্বাচনে শেষ পর্যন্ত কোন দল কতগুলি আসন পায়, তার উত্তর মিলবে ভোটের ফলাফল প্রকাশের পরই।
❤ Support Us






