Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • অক্টোবর ২৭, ২০২৬

ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগ, গঙ্গার ভাঙন রোধে ১২টি স্পার তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগ, গঙ্গার ভাঙন রোধে ১২টি স্পার তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

গঙ্গার ভাঙন রোধ, নদীখাতে পলি অপসারণ এবং ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। তিন রাজ্যের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এই ত্রিপাক্ষিক বৈঠকে নদীভাঙন মোকাবিলা এবং সংশ্লিষ্ট একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করবে। দ্রুত এই প্রকল্পের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। প্রকল্পের পরিকল্পনা তৈরির দায়িত্বে থাকবে আইআইটি কানপুর ও আইআইটি রূড়কি। পাশাপাশি, গঙ্গার ভাঙন রোধে ১২টি স্পার তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে।

গঙ্গার ভাঙন নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন প্রশাসন। মালদহের বিস্তীর্ণ এলাকায় গঙ্গার ভাঙন ক্রমশ বড় সমস্যা হয়ে উঠেছে। চলতি বছরের বর্ষায় কালিয়াচকের ভূতনিচর এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। পুজোর আগে ওই এলাকা পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ ও সহায়তার ঘোষণা করেছিলেন। সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল মালদহে গিয়ে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন। সেখানকার পরিস্থিতি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে একটি রিপোর্টও জমা দেন। সূত্রের খবর, দিল্লির বৈঠকে মালদহের গঙ্গাভাঙন পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

উল্লেখ্য, চলতি আর্থিক বছরে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের জন্য ১,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী বছরের জুন মাসের মধ্যে প্রকল্পের বেশিরভাগ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সামগ্রিক প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের কাজের অগ্রগতি এবং বাস্তবায়ন প্রক্রিয়ার সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের যুক্ত করতে ঘাটাল, চন্দ্রকোনা ও দাসপুরের বিধায়কদের নিয়ে একটি দলও গঠন করা হয়েছে।

দিল্লির বৈঠক শেষে মুখ্যমন্ত্রী রাজ্যে ফিরছেন। ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগ এবং গঙ্গার ভাঙন রোধে প্রস্তাবিত পদক্ষেপগুলি আগামী দিনে কত দ্রুত কার্যকর হয়, এখন সেদিকেই নজর রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!