Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২০, ২০২৬

প্রথম উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু , উদ্বোধন করবেন শিলিগুড়ির উড়ালপুল

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রথম উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু , উদ্বোধন করবেন শিলিগুড়ির উড়ালপুল

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ, বুধবার প্রথমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তাঁর সফর ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র আগ্রহ তৈরি হয়েছে। এদিন তিনি শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের পাঁচ জেলার বিধায়ক, প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ কর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্ষা আসন্ন হওয়ায় বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে বন্যা, হড়পা বান, ভূমিধস ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি। পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, চা বাগানের সমস্যা, বেআইনি নির্মাণ এবং জমি ও বালি-পাথর মাফিয়াদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বিষয়েও আলোচনা হবে। এছাড়া এসজেডিএ, জিটিএ, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত ও পুরসভাগুলোর অচলাবস্থা ও দুর্নীতির অভিযোগও বৈঠকে প্রাধান্য পেতে চলেছে। উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন, পূর্বতন সরকারের আমলে থমকে থাকা প্রকল্পগুলির গতি ফেরানো এবং পাহাড়ের উন্নয়নমূলক কাজ নিয়েও মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, প্রশাসনিক বৈঠকে বিরোধী দল তৃণমূল কংগ্রেসের বিধায়কদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সিতাইয়ের তৃণমূল বিধায়ক সংগীতা রায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত। কারণ তৃণমূল সরকারের পনেরো বছরের শাসনকালে কোনো বিজেপি বিধায়ককে প্রশাসনিক বৈঠকে ডাকা হয়নি। তবে তৃণমূল বিধায়করা শেষ পর্যন্ত বৈঠকে যোগ দেবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন ক্রীড়া ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক। প্রশাসন ও বিজেপি সূত্রে খবর, সকাল ১০টা নাগাদ শুভেন্দু অধিকারী বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে তিনি প্রথমে দলের জেলা কার্যালয়ে যেতে পারেন। পরে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন। বৈঠক শেষে দুপুর ২টো নাগাদ বাগডোগরা হয়ে কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর এ সফরের অন্যতম আকর্ষণ শিলিগুড়ি শহরের বর্ধমান রোডে নির্মিত নতুন উড়ালপুলের উদ্বোধন। দীর্ঘদিন ধরে শহরের যানজট সমস্যার সমাধানে এই উড়ালপুল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। এদিনের প্রশাসনিক বৈঠকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিধায়কদের পাশাপাশি উপস্থিত থাকবেন পাঁচ জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা।

উল্লেখ্য, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির ব্যাপক সাফল্য দেখা গিয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মতো জেলায় তৃণমূল কার্যত খাতা খুলতে পারেনি। ফলে উত্তরবঙ্গের মানুষের প্রত্যাশাও নতুন সরকারের কাছে অনেক বেশি। অন্যদিকে, তৃণমূল জমানায় উন্নয়নের নামে সিন্ডিকেট রাজ, সরকারি জমি ও জলাভূমি দখল, চা বাগানের জমি প্রোমোটারদের হাতে তুলে দেওয়া এবং সংরক্ষিত জঙ্গলে বেআইনি রিসর্ট তৈরির মতো নানা অভিযোগে সাধারণ মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। বহু মানুষ এসব ঘটনার তদন্ত ও কড়া আইনি পদক্ষেপের দাবি তুলেছেন।

নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গের উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। আইআইটি, এইমস, ক্যানসার হাসপাতাল গড়ে তোলা, সাংবিধানিক কাঠামোর মধ্যে পাহাড় সমস্যার সমাধান এবং কামতাপুরি ভাষার সাংবিধানিক স্বীকৃতির আশ্বাসও দেওয়া হয়েছিল। ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম উত্তরবঙ্গ সফর ঘিরে মানুষের প্রত্যাশা এখন তুঙ্গে। এখন নজর প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে কী বার্তা দেন এবং আগামী দিনের রূপরেখা কীভাবে তুলে ধরেন তার উপর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!