- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ২০, ২০২৬
‘উত্তরবঙ্গের উন্নয়নেই জোর, প্রতি মাসে পাহাড়ে আসব’— শিলিগুড়ি থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
মুখ্যমন্ত্রী হওয়ার পর বুধবার প্রথমবার উত্তরবঙ্গ সফরে এসে শিলিগুড়িতে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগডোগরা বিমানবন্দরে নেমেই তিনি উত্তরবঙ্গের মানুষকে হাতজোড় করে প্রণাম জানান এবং বিজেপিকে বিপুল ভোটে জেতানোর জন্য সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান। বলেন, “উত্তরবঙ্গের মানুষের অভিমান ভাঙাবে বিজেপি সরকার।”
এদিন সকাল থেকেই বাগডোগরা বিমানবন্দরের বাইরে বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে ফুল-মালা তাহে অপেক্ষা করেন তাঁরা। বিমানবন্দর থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী সকলকে নমস্কার জানিয়ে বলেন, উত্তরবঙ্গের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবে তাঁর সরকার।
মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামানিক। তাঁদের উপস্থিতিতে শুভেন্দু ঘোষণা করেন, ‘এবার থেকে প্রতি মাসে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা উত্তরবঙ্গে আসবে। ঘুরতে নয়, কাজ করতে আসব। প্রতি সপ্তাহে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উত্তরকন্যায় বসবেন।’ তিনি জানান, উত্তরকন্যায় নিয়মিত প্রশাসনিক বৈঠকের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার কথাও শোনা হবে। উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখবে সরকার।
এদিন শিলিগুড়ির উত্তরকন্যাতে উত্তরবঙ্গের পাঁচ জেলার বিধায়ক, পুলিশ ও প্রশাসনিক কর্তাদের নিয়ে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আসন্ন বর্ষাকে সামনে রেখে বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে বন্যা, হড়পা বান, ভূমিধস ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা। এছাড়াও বৈঠকে আলোচনা হয় সড়ক যোগাযোগ ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, চা বাগানের সমস্যা, বেআইনি নির্মাণ, জমি দখল এবং বালি-পাথর মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে। এসব বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার কথাও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরের শুরুতেই শুভেন্দু অধিকারীর এই ধারাবাহিক প্রশাসনিক নজরদারি ও উন্নয়ন-কেন্দ্রিক বার্তা রাজনৈতিক মহলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
❤ Support Us







