Advertisement
  • দে । শ
  • জুন ২, ২০২৬

রাজ্যের মন্ত্রীদের দফতর বন্টনের আগেই দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যের মন্ত্রীদের দফতর বন্টনের আগেই দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা

পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভায় দপ্তর বণ্টন নিয়ে জোর জল্পনার মধ্যেই মঙ্গলবার ঝটিকা সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, রাজধানীতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনায় থাকতে পারে নবগঠিত মন্ত্রিসভার দফতর বণ্টনের বিষয়ও।

সোমবারই রাজ্যের ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তবে এখনও তাঁদের মধ্যে দফতর বণ্টন করা হয়নি। কোন মন্ত্রী কোন দায়িত্ব পাবেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর দিল্লি সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দিল্লিতে গিয়ে শুভেন্দু অধিকারীর বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি তিনি একটি বিশেষ বৈঠকেও যোগ দিতে পারেন বলে খবর মিলেছে। যদিও সেই বৈঠকের বিষয়বস্তু এখনও স্পষ্ট নয়।

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। দিনের শুরুতে তিনি সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে ‘জনতার দরবার’ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি তারকেশ্বরে যাবেন। সেখানে মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি প্রশাসনিক বৈঠকও করার কথা রয়েছে তাঁর।

এদিকে আগামী ২০ তারিখ পশ্চিমবঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্ভাব্য এই সফরে একাধিক কর্মসূচির পাশাপাশি তারকেশ্বরে একটি জনসভাও করতে পারেন তিনি। সেই প্রস্তুতি নিয়েও প্রশাসনিক কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা হতে পারে। এমনকি সম্ভাব্য সভাস্থলও পরিদর্শন করতে পারেন শুভেন্দু অধিকারী।

তারকেশ্বরের কর্মসূচি শেষ করে তিনি সরাসরি কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন এবং সেখান থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন।

গত ৪ মে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ফলাফলে ২৯৪টির মধ্যে ২০৮টি আসন জিতে সরকার গঠন করেছে বিজেপি। এরপর ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ পাঁচ মন্ত্রী শপথ নেন। ওইদিন মন্ত্রিসভায় দায়িত্ব পান দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক।

সোমবার লোকভবনে আরও ৩৫ জন মন্ত্রী শপথ নেওয়ার পর মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে ৪০-এ পৌঁছেছে। বর্তমানে মন্ত্রিসভায় রয়েছেন ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। এছাড়াও আরও ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। রাজ্যপাল আর এন রবি নবনিযুক্ত মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।

যদিও সোমবারই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনের সম্ভাবনা ছিল, শেষ পর্যন্ত তা হয়নি। ফলে দপ্তর বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে শুভেন্দু অধিকারীর দিল্লি সফর রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!