- এই মুহূর্তে দে । শ
- মে ১৪, ২০২৬
মন্তেশ্বরে ইমামদের সঙ্গে বৈঠক, শান্তি ও সম্প্রীতির বার্তা পুলিশের
মন্তেশ্বরের বিভিন্ন মসজিদের ইমামদের সঙ্গে বৈঠক করে শান্তি ও সম্প্রীতির বার্তা দিল পুলিশ। কোনও প্ররোচনায় পা না দেওয়ার ব্যাপারেও পুলিশের তরফে সতর্ক করে দেওয়া হল। সেইসঙ্গে পুলিশের আশ্বাস, আইনশৃঙ্খলা রক্ষায় কোনোরকম ত্রুটি হবে না। পুলিশের এই পদক্ষেপে খুশি ইমামরা।
রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আশঙ্কা ও অনিশ্চয়তার মেঘ কাটাতেই এই পদক্ষেপ বলে পুলিশ সূত্রের খবর। বৈঠকে পৌরোহিত্য করেন মন্তেশ্বর থানার আইসি সোমনাথ ভট্টাচার্য। বৈঠকে সোমনাথবাবু জানান, ‘আপনারা যেভাবে এতদিন শান্তিপূর্ণভাবে বাস করেছেন, সেভাবেই থাকুন। পুলিশ সর্বদা পাশে থাকবে।’ নিরাপত্তাজনিত সমস্যা বা এলাকার শান্তি বজায় রাখা-সহ যেকোনো প্রয়োজনে পুলিশকে জানানোর জন্য বলা হয়। বৈঠকে হাজির তুল্যা গ্রামের মসজিদের ইমাম তদবির হোসেন খান বলেন, ‘রাজ্যের নতুন পরিস্থিতি যাতে আমাদের ভয়ভীতির কারণ না হয়, সে ব্যাপারে আশ্বস্ত করল পুলিশ। নির্ভয়ে থাকার কথা বলা হয়েছে। কেউ যাতে কারও প্ররোচনায় পা না দেন সেই বিষয়েও সতর্ক করে দেওয়া হয়।’ কুসুমগ্রাম মসজিদের ইমাম মহম্মদ নাসিরুদ্দিন খান জানান, ‘আগের মতই এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। কিছু কিছু জায়গায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলে জানানোয় বড়বাবু আমাদের আশ্বস্ত করেন।’ সামনে বকরিদ। সে ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়েছে। পুলিশের এহেন সদর্থক উদ্যোগে খুশি মন্তেশ্বরের সব সম্প্রদায়ের মানুষ।
❤ Support Us





