Advertisement
  • দে । শ
  • জুন ৯, ২০২৬

ইউনেসকোর নাম ও লোগো ব্যবহার করে টিকিট বিক্রি, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

আরম্ভ ওয়েব ডেস্ক
ইউনেসকোর নাম ও লোগো ব্যবহার করে টিকিট বিক্রি, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

ইউনেসকোর নাম ও লোগো বেআইনিভাবে ব্যবহার করে প্রিপুজোর টিকিট বিক্রি এবং আর্থিক অনিয়মের অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনের বিরুদ্ধে বউবাজার থানায় অভিযোগ দায়ের করেছে একটি আন্তর্জাতিক পর্যটন সংস্থা। একই সঙ্গে রাজ্য পুলিশের ডিজির কাছেও বিষয়টি জানানো হয়েছে।

অভিযোগকারী জয়দীপ মুখোপাধ্যায় জানান, ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেসকোর স্বীকৃতি পাওয়ার পর ২০২২ সালে ‘মাসআর্ট’ নামে একটি সংস্থা আত্মপ্রকাশ করে। ওই সংস্থার প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন মধুছন্দা সেন। অভিযোগ, সংস্থাটি ইউনেসকোর নাম ও লোগো ব্যবহার করে দাবি করেছিল যে ইউনেসকোর সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতার ২৪টি দুর্গাপুজো প্যান্ডেল নির্বাচন করা হয়েছে। তবে জয়দীপবাবুর দাবি, এই প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

ইউনেসকোর সঙ্গে মাসআর্টের কোনও ধরনের চুক্তি বা অংশীদারিত্ব ছিল না। তা সত্ত্বেও ইউনেসকোর নাম ও পরিচিতি ব্যবহার করে প্রিপুজো দর্শনের টিকিট বিক্রি করা হয় এবং এর মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জয়দীপ মুখোপাধ্যায় দাবি করেন, ২৪টি পুজো নির্বাচন সংক্রান্ত ঘোষণার পর তিনি নিজেই ইউনেসকোর সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে তাঁকে জানানো হয় যে, মাসআর্ট নামে কোনও সংস্থার সঙ্গে ইউনেসকোর কোনও বাণিজ্যিক চুক্তি নেই এবং তাদের নাম বা লোগো ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়নি। এই সংক্রান্ত ই-মেল ও নথিপত্র অভিযোগপত্রের সঙ্গে জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

অভিযোগকারীর বক্তব্য, ঘটনাটি ২০২২-২৩ সাল থেকে শুরু হলেও এতদিন তিনি বিষয়টি প্রকাশ্যে আনতে পারেননি। বর্তমানে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, এর সঙ্গে দেশের ভাবমূর্তি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম জড়িয়ে রয়েছে।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তাঁর দাবি, অভিযোগগুলির কোনও ভিত্তি নেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!